শিরোনামঃ

ঈদে বাস ভাড়া নিয়ে কুদ্দুস বয়াতির প্রতিবাদ

অনলাইন ডেস্ক
ঈদে বাস ভাড়া নিয়ে কুদ্দুস বয়াতির প্রতিবাদ
🖼️ ফটো কার্ড তৈরি করুন

দেশের জনপ্রিয় পালাকার কুদ্দুস বয়াতি নিজ জেলা নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রাজিবপুরে স্থায়ীভাবে বসবাস করছেন। সেখান থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিয়মিত সক্রিয় তিনি। সময়োপযোগী নানা স্ট্যাটাসের মাধ্যমে ভক্ত-অনুসারীদের মনোরঞ্জন করে থাকেন।

 

সম্প্রতি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম রবির এক বক্তব্যকে ঘিরে বাসভাড়া নিয়ে একটি ব্যঙ্গাত্মক পোস্ট দিয়ে আবারও আলোচনায় এসেছেন এই পালাকার।

 

তার সেই পোস্ট সামাজিক মাধ্যমে নেটিজেনদের দৃষ্টি কেড়েছে।

 

ঈদকে সামনে রেখে কর্মব্যস্ত মানুষের বাড়ি ফেরা শুরু হয়েছে। এ সময় বিভিন্ন বাস কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠছে, সঙ্গে রয়েছে চাঁদাবাজির কথাও। তবে এ বিষয়ে মন্ত্রী গণমাধ্যমে জানিয়েছেন, এবারের ঈদযাত্রায় কোথাও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না এবং চাঁদাবাজিরও কোনো ঘটনা ঘটছে না।

 

 

মন্ত্রীর এমন বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা সমালোচনা ও ট্রল। সেই ধারায় যোগ দিলেন কুদ্দুস বয়াতিও।

 

 

 

বৃহস্পতিবার (১৯ মার্চ) নিজের ফেসবুক আইডিতে তিনি লেখেন, ঘটনা সত্য নাকি? শুনলাম অনেক জায়গায় বাস ভাড়া নিতে চাচ্ছে না, যাত্রীরাই নাকি জোর করে ভাড়া দিচ্ছে।

 

শুধু পোস্টেই নয়, মন্তব্যের ঘরেও ব্যাঙ্গাত্মক ধার অব্যাহত রাখেন তিনি।

 

এক মন্তব্যে লেখেন, আবার শুনলাম জোর করে ভাড়া দিলে উল্টো জরিমানা করতেছে—যা ভক্তদের মধ্যে হাস্যরসের জন্ম দেয়।

এ বিষয়ে জানতে চাইলে কুদ্দুস বয়াতি কালের কণ্ঠকে জানান, বাস্তবে অনেক জায়গায় বাস ও সিএনজি ভাড়া স্বাভাবিকের চেয়ে ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। অথচ বিষয়টি সংশ্লিষ্টদের নজরে আসছে না। আমি নিজের অবস্থান থেকে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এ অনিয়মের নীরব প্রতিবাদ ও নিন্দা জানিয়েছি।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।