শিরোনামঃ

ঘুষ গ্রহণ ও হয়রানির অভিযোগে ভূমি কর্মকর্তাকে তাৎক্ষণিক বরখাস্ত


ঘুষ গ্রহণ ও হয়রানির অভিযোগে ভূমি কর্মকর্তাকে তাৎক্ষণিক বরখাস্ত
🖼️ ফটো কার্ড তৈরি করুন

 

সেবা প্রত্যাশীদের কাছ থেকে ঘুষ গ্রহণ ও হয়রানির অভিযোগে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) মোহাম্মদ কামরুল হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

 

সোমবার (২৪ আগস্ট) দুপুরে জয়মন্টপ ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে গিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে তাঁর বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও হয়রানির অভিযোগ শুনে তাৎক্ষণিকভাবে তাঁকে বরখাস্তের নির্দেশ দেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা।

 

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার মানিকগঞ্জের সিংগাইর উপজেলা পরিষদ পরিদর্শনে আসেন বিভাগীয় কমিশনার। পরে তিনি জয়মন্টপ ইউনিয়ন ভূমি অফিস ও নির্মাণাধীন নতুন ভবন পরিদর্শনে যান। এ সময় কয়েকজন সেবা প্রত্যাশী তাঁর কাছে নায়েব মোহাম্মদ কামরুল হাসানের বিরুদ্ধে মোটা অঙ্কের ঘুষ নেওয়া ও হয়রানির অভিযোগ করেন।

 

ভুক্তভোগী ফজিরুন বিভাগীয় কমিশনারকে জানান, ১০ শতাংশ জমি নামজারি করতে নায়েব কামরুল হাসান তাঁর কাছে ৩৫ হাজার টাকা দাবি করেন।

 

 

পরে সুদে টাকা নিয়ে তাঁকে ৩১ হাজার টাকা দেওয়ার পর নামজারি করে দেওয়া হয়।

অপর ভুক্তভোগী লিটন খান অভিযোগ করেন, তাঁর সাড়ে পাঁচ শতাংশ জমি নামজারি করতে নায়েব কামরুল হাসানকে ৪০ হাজার টাকা দিতে হয়েছে।

 

ভুক্তভোগীদের অভিযোগ শুনে বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানাকে নায়েব কামরুল হাসানকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন। একই সঙ্গে উপস্থিত ভুক্তভোগীদের তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়ার নির্দেশ দেন।পরে জেলা প্রশাসক তাঁকে সাময়িক বরখাস্ত করেন।

এদিকে ঘুষ গ্রহণ ও হয়রানির অভিযোগে নায়েবের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নেওয়ায় বিভাগীয় কমিশনারের প্রশংসা করেন ভূমি অফিসে উপস্থিত সেবা প্রত্যাশী ও স্থানীয়রা।

 

ভূমি অফিসে সেবা নিতে গিয়ে যাতে কেউ হয়রানি বা ঘুষ লেনদেনের শিকার না হন, তা নিশ্চিত করতে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নিয়মিত নজরদারির নির্দেশ দেন বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা।

 

এ সময় জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুন্নাহার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম এবং জয়মন্টপ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুস ছালেকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।