শিরোনামঃ

নগর বিএনপির জরুরি সভায় খুলনা নগরীকে ‘মহামারি এলাকা’ ঘোষণার দাবি


নগর বিএনপির জরুরি সভায় খুলনা নগরীকে ‘মহামারি এলাকা’ ঘোষণার দাবি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

খুলনায় ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে নগরীকে ‘মহামারি এলাকা’ ঘোষণার দাবি জানিয়েছে খুলনা মহানগর বিএনপি। একই সঙ্গে সরকারি-বেসরকারি হাসপাতালে জরুরি স্বাস্থ্যসেবা চালু, বিনা মূল্যে ডেঙ্গু পরীক্ষা ও চিকিৎসা এবং পর্যাপ্ত প্লাটিলেট সরবরাহের দাবি জানিয়েছেন দলটির নেতারা।

 

 

সোমবার (২৪ আগস্ট) দুপুরে নগরীর কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ে মহানগর বিএনপির জরুরি সভায় এসব দাবি জানানো হয়।

 

সভায় নেতারা বলেন, গত এক সপ্তাহে আইনজীবী ও চিকিৎসাধীন এক গৃহবধূসহ অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। অসংখ্য মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতাল ও বাসাবাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল (খুমেক), জেনারেল হাসপাতাল ও বেসরকারি ক্লিনিকগুলোতে দেখা দিয়েছে তীব্র শয্যা সংকট।

 

 

বেড না পেয়ে অনেক রোগী হাসপাতালের মেঝে ও বারান্দায় চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন।

বক্তারা অভিযোগ করেন, মশক নিধনে কার্যকর পদক্ষেপের পরিবর্তে লোক-দেখানো ফগিং করা হচ্ছে। সময়মতো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতি আরো ভয়াবহ হয়েছে। এতে সাধারণ মানুষকে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে বাড়তি আর্থিক চাপের মুখে পড়তে হচ্ছে।মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদীর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক শফিকুল আলম তুহিন, মো. মাসুদ পারভেজ বাবু, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, কে এম হুমায়ুন কবীর, হাফিজুর রহমান মনি, মুর্শিদ কামাল ও কাজী মিজানুর রহমান প্রমুখ।

 

নেতারা বলেন, খুলনাকে অবিলম্বে ‘মহামারি এলাকা’ ঘোষণা করে সরকারি-বেসরকারি হাসপাতালে বিনা মূল্যে ডেঙ্গু পরীক্ষা, প্লাটিলেট সরবরাহ ও চিকিৎসার ব্যবস্থা করতে হবে। শুধু ফগিং নয়, নগরীর প্রতিটি ওয়ার্ডের গলি, নালা ও জলাশয়ে লার্ভিসাইড স্প্রে এবং পরিচ্ছন্নতা অভিযান জোরদার করতে হবে।

 

ডেঙ্গু মোকাবিলায় নগরীর বিভিন্ন ওয়ার্ডে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও প্রচারণা, নিজস্ব উদ্যোগে মশার ওষুধ ছিটানো এবং ডেঙ্গু রোগীদের জরুরি রক্তের প্রয়োজন মেটাতে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান কর্মসূচি পরিচালনার সিদ্ধান্ত নেয় মহানগর বিএনপি। পাশাপাশি চিকিৎসাসেবা দিতে একটি বিশেষ মেডিকেল টিম বা সেবা সেল গঠন করা হয়েছে।

 

 

সভা থেকে নিজস্ব অর্থায়নে মশক নিধন কার্যক্রম পরিচালনা করায় মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের অভিনন্দন জানানো হয়।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।