ফরিদপুরে ২৪ ঘণ্টায় ৪৬ নতুন হাম রোগী শনাক্ত,
ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুর জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৬ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে হামজনিত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ আগস্ট পর্যন্ত জেলায় মোট ৪ হাজার ৮৯৭ জন হাম রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে।
রোববার (২৪ আগস্ট) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য অনুযায়ী, জেলার কোনো উপজেলা থেকে নতুন হাম রোগী শনাক্ত হয়নি। তবে ফরিদপুর জেনারেল হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ফরিদপুর জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। পুরোনো ও নতুন মিলিয়ে হাসপাতালে বর্তমানে ২৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। একই সময়ে ১৬ জন রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। চলতি বছর এ পর্যন্ত হাসপাতালটি থেকে মোট ১ হাজার ৪০৮ জন রোগী ছাড়পত্র পেয়েছেন।
অন্যদিকে, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৩৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। পুরোনো ও নতুন মিলিয়ে সেখানে বর্তমানে ৭২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৩৬ জন রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। চলতি বছর এ পর্যন্ত হাসপাতালটি থেকে মোট ৩ হাজার ২৩৯ জন রোগী ছাড়পত্র পেয়েছেন।
হাসপাতালভিত্তিক তথ্যে দেখা গেছে, চলতি বছর ফরিদপুর জেনারেল হাসপাতালে মোট ১ হাজার ৪৩৩টি এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩ হাজার ৩৩২টি হাম রোগীর ঘটনা শনাক্ত হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় শনাক্ত ৪৬ জন নতুন সন্দেহভাজন রোগীর মধ্যে ফরিদপুর জেলার বাসিন্দা ৩১ জন এবং পার্শ্ববর্তী অন্যান্য জেলার বাসিন্দা ১৫ জন। একই সময়ে ১০টি নমুনায় হাম পজিটিভ পাওয়া গেছে বলে স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
উপজেলাভিত্তিক চলতি বছরের মোট হাম রোগীর মধ্যে বোয়ালমারীতে ২৮ জন, ভাঙ্গায় ১২ জন, চরভদ্রাসনে ১৭ জন, নগরকান্দায় ২ জন, মধুখালীতে ৬ জন, সদরপুরে ১৪ জন, সালথায় ২৩ জন এবং ফরিদপুর সদরে ৫ জন রোগী শনাক্ত হয়েছেন। আলফাডাঙ্গায় কোনো রোগী শনাক্ত হয়নি।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত নজরদারি ও চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত রয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।















আপনার মতামত লিখুন :