মুক্তির আগেই দীর্ঘদিন বিতর্কে ছিল দিলজিত দোসাঞ্জ অভিনীত সিনেমা ‘পাঞ্জাব ৯৫’। সেন্সর বোর্ডের সঙ্গে প্রায় তিন বছরের টানাপোড়েনের পর পরিবর্তিত নামে ‘সতলুজ’ শিরোনামে অবশেষে মুক্তি পায় ছবিটি।
তবে মুক্তির মাত্র দুই দিনের মাথায় ভারতে ওটিটি প্ল্যাটফর্ম থেকে ছবিটির প্রদর্শনী স্থগিত করা হয়েছে।
গত ৩ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম জি৫-এ মুক্তি পেয়েছিল ‘সতলুজ’। কিন্তু রবিবার হঠাৎ করেই ছবিটি প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হয়।
এ বিষয়ে জি৫ কর্তৃপক্ষ জানিয়েছে, ‘বর্তমান পরিস্থিতি’র কথা বিবেচনা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছবিটি স্ট্রিম করা সম্ভব হচ্ছে না।
একই সঙ্গে দর্শকদের স্বার্থে যত দ্রুত সম্ভব আবারও ছবিটি প্রদর্শনের জন্য সম্ভাব্য সব উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে।
Diljit Dosanjh’s Punjab 95 Finally Streams As Satluj: Where To Watch The Long-Delayed Film
‘সতলুজ’ মূলত ‘পাঞ্জাব ৯৫’ সিনেমার নতুন নাম। পরিচালক হানি ত্রেহান নির্মিত ছবিটি মানবাধিকারকর্মী যশবন্ত সিং খালরার জীবন থেকে অনুপ্রাণিত। পেশায় তিনি ছিলেন একজন ব্যাংক ব্যবস্থাপক।
পরে মানবাধিকার আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে ১৯৯০-এর দশকে পাঞ্জাবে ২৫ হাজারের বেশি শিখ যুবকের নিখোঁজ ও বিচারবহির্ভূত হত্যার অভিযোগ প্রকাশ্যে আনেন।
১৯৯৫ সালে যশবন্ত সিং খালরাকে অপহরণের পর হত্যা করা হয়। পরে এই ঘটনায় ছয়জন পুলিশ কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করা হয়। তাঁর জীবনসংগ্রাম ও মানবাধিকার আন্দোলনের ঘটনাগুলোই উঠে এসেছে এই সিনেমায়।
ছবিটি নির্মাণের পর থেকেই সেন্সর বোর্ডের আপত্তির মুখে পড়ে।
পরিচালকের অভিযোগ, সিনেমাটি মুক্তির অনুমতি পেতে ১২৭টি দৃশ্য বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এমনকি ২০২৩ সালে কানাডার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটির প্রিমিয়ার হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে সরকারি আপত্তির কারণে প্রদর্শনী বাতিল করা হয়।
সিনেমাটি নিয়ে এর আগে নিজের অনুভূতির কথা জানিয়ে দিলজিত দোসাঞ্জ বলেছিলেন, যশবন্ত সিং খালরার মানবিক অবদানের কারণেই তিনি এই ছবিতে কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তাঁর মতে, এই চরিত্রে অভিনয় করা তাঁর অভিনয়জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা।
‘সতলুজ’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দিলজিত দোসাঞ্জ। এছাড়া ছবিতে আরও রয়েছেন অর্জুন রামপাল, কনওয়ালজিৎ সিং, সুখবিন্দর ভিকিসহ একাধিক শিল্পী।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।




















আপনার মতামত লিখুন :