বিদায় নিচ্ছেন থানার ওসি। বিদায়ী কর্মকর্তার হাতে সাধারণত ওঠে ফুলের তোড়া-মালা।
তবে মানিকগঞ্জের হরিরামপুরে দেখা গেল ভিন্ন এক দৃশ্য।
বিদায়ী ওসি মোহাম্মদ আফজাল হোসেনের হাতে ফুলের পাশাপাশি উঠেছে বাড়ির গাছের লাউ, জাম্বুরাসহ নানা মৌসুমি ফল। কেউ আবার ভালোবাসার নিদর্শন হিসেবে তুলে দিয়েছেন হাঁস-মুরগি, সঙ্গে কয়েক হালি ডিম। ব্যতিক্রমী এসব উপহারেই প্রিয় কর্মকর্তাকে বিদায় জানিয়েছেন স্থানীয়রা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের হরিরামপুর থানায় বিদায়ী ওসি মোহাম্মদ আফজাল হোসেনকে বিদায় এবং নবাগত ওসি জে ও এম তৌফিক আজমকে বরণ করে নিতে সংবর্ধনার আয়োজন করা হয়। এতে রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে বিদায়ী ওসিকে ফুলের মালা ও তোড়া দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয়রা। কেউ স্মৃতিচারণ করেন, কেউ ছবি তোলেন।
তবে আনুষ্ঠানিকতার বাইরেও স্থানীয়দের ভালোবাসার প্রকাশ ছিল বাড়িতে উৎপাদিত লাউ, ফলমূল এবং নিজেদের পালিত হাঁস-মুরগির উপহার। নিজেদের বাড়ির জিনিস প্রিয় কর্মকর্তার হাতে তুলে দিয়ে তাকে বিদায় জানান তারা।
যাত্রাপুর গ্রামের হাবেজা বেগম বলেন, ‘এমন ওসি আমরা কখনো দেখিনি। আমাগো এলাকায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ভালো কাজ করছেন। যে কেউ তার কাছে আইনি সহায়তা পেয়েছেন।
আজ তার বিদায়, তাই আমার বাড়ির গাছের জাম্বুরা নিয়ে এসেছি।’
হাফেজা বেগমের মতো আরো কয়েকজন বয়স্ক নারী জানান, ওসি থাকাকালীন এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো ছিল। সবার খোঁজ খবর রাখতেন তিনি। যে কারণে আমাদের ছেলেরা বিপথে যাওয়ার সাহস পায়নি। সে আজ চলে যাচ্ছে, তাই আমরা হাঁস-মুরগি সঙ্গে ডিম-লাউসহ বাড়িতে উৎপাদিত বিভিন্ন ধরনের সবজি তার জন্য নিয়ে এসেছি।
চরাঞ্চলের লেছড়াগঞ্জ ইউনিয়নের ৮০ বছর বয়সী চাঁন মেম্বার বলেন, ‘আফজাল ওসি আমাগো চরে চুরি-ডাকাতি কমাইছে, মাদকখোর ধরাইছে। চরের শান্তি রক্ষায় মেলা কাজ করছে। আমরা শান্তিতে ছিলাম।’
স্থানীয়দের এমন ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে ওসি মোহাম্মদ আফজাল হোসেন বলেন, ‘ফজরের নামাজের পর বের হতাম। বিভিন্ন বাজারে ঘুরতাম, মানুষের সঙ্গে কথা বলতাম। অনেকেই জানতেন না আমি থানার ওসি। চরাঞ্চল, গোপীনাথপুরসহ বিভিন্ন এলাকায় মাদক নিয়ন্ত্রণে কাজ করেছি।’
তিনি আরো বলেন, ‘চাকরি করলে বদলি হতেই হবে। হরিরামপুরে দায়িত্ব পালনকালে স্থানীয় মানুষের কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছেন। বিদায়বেলায় হরিরামপুরবাসী যেভাবে সম্মান ও ভালোবাসা জানিয়েছেন, তা তিনি কখনো ভুলব না।’
অনুষ্ঠান শেষে ফুল দিয়ে সাজানো গাড়িতে করে নতুন কর্মস্থলের উদ্দেশে রওনা দেন ওসি মোহাম্মদ আফজাল হোসেন। থানার বাইরে অপেক্ষায় থাকা স্থানীয়রা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। কেউ হাত নেড়ে বিদায় জানান, কেউ আবার আবেগ ধরে রাখতে না পেরে চোখের পানি মুছতে থাকেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
















আপনার মতামত লিখুন :