বজ্রপাতের ঝুঁকি কমানো, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদূরপ্রসারী আদর্শ ও দেশব্যাপী ২০ লাখ গাছ লাগানোর দূরদর্শী কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর মোহনপুরে ৫০০টি তালবীজসহ বিভিন্ন প্রজাতির ৬০টি চারাগাছ রোপণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার ২ নম্বর ঘাসিগ্রাম ইউনিয়নের তুলসীক্ষেত্র ব্রিজসংলগ্ন সড়কের পাশে এই জনসচেতনতামূলক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রোপণ করা গাছের মধ্যে তালবীজের পাশাপাশি পরিবেশবান্ধব অর্জুন, জলপাই, মেহগনি এবং অন্যান্য ফলজ ও ঔষধি প্রজাতির চারা রয়েছে।
বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তনের ফলে দেশে দিন দিন বজ্রপাতে প্রাণহানির ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। মানুষের পাশাপাশি প্রতিবছর বজ্রপাতে গবাদিপশুসহ বিভিন্ন মূক প্রাণীও মারা যাচ্ছে। পরিবেশ রক্ষায় ও বজ্রপাতের প্রাকৃতিক ঢাল হিসেবে তালগাছ অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে থাকে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত দেশব্যাপী ২০ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির আলোকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. রাকিবুল হাসান পিভিএমএস বলেন, “জেলা কমান্ড্যান্ট মো. জহুরুল ইসলাম বিভিএমএসের দিকনির্দেশনা এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আদর্শ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশব্যাপী ২০ লাখ গাছ লাগানোর কর্মসূচির অংশ হিসেবে আজ এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে। প্রকৃতি ও পরিবেশ রক্ষায় আমাদের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
উক্ত কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. শামিউল বাসির। তালবীজ সংগ্রহ ও বাস্তবায়নে বিশেষ সহযোগিতা করেন ৩ নম্বর রায়ঘাটি ইউনিয়ন দলনেতা মো. সামশুজ্জামান। এ সময় ২ নম্বর ঘাসিগ্রাম ইউনিয়ন ভিডিপি সদস্য মো. মেহেদী হাসানসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের আনসার-ভিডিপির ভাতাভোগী সদস্যরা উপস্থিত ছিলেন। স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষও এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


















আপনার মতামত লিখুন :