বালু উত্তোলনের সময় দুই নৌকার মাঝে চাপা, শ্রমিকের মৃত্যু
নেত্রকোনার কলমাকান্দায় মহাদেও নদী থেকে বালু উত্তোলনের সময় দুই নৌকার মাঝে চাপা পড়ে রিফাত (২০) নামে এক বালু শ্রমিক মারা গেছেন। নিহত রিফাত সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের মোহাম্মদ আলীপুর গ্রামের সেকুল মিয়ার ছেলে।
বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলার রংছাতী ইউনিয়নের বরুয়াকোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরুয়াকোনা এলাকায় নৌকায় করে শ্রমিকরা নদীতে ডুব দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের কাজ করছিলেন। রিফাতও একটি নৌকায় কাজ করছিলেন। একপর্যায়ে পাশ দিয়ে যাওয়া আরেকটি নৌকা নিয়ন্ত্রণ হারিয়ে তাদের নৌকায় সজোরে ধাক্কা দেয়।
এতে দুই নৌকার মাঝখানে চাপা পড়ে গুরুতর আহত হন রিফাত। সহকর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা সুমন মিয়া বলেন, রিফাত মঙ্গলবার রাতে কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হয়। বুধবার সকালে তার এক সহকর্মী ফোন করে দুর্ঘটনার খবর জানান।
খবর পেয়ে আমরা কলমাকান্দা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে আসি।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
















আপনার মতামত লিখুন :