ফরিদপুরে স্ত্রীকে শ্বশুরবাড়ি থেকে আনতে গিয়ে পিস্তল প্রদর্শন ও গুলি ছোড়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর তার শ্বশুরবাড়ি থেকে বিদেশি ৯ এমএম পিস্তল ও গুলি উদ্ধার করেছে পুলিশ, তবে অভিযুক্ত পালিয়ে গেছেন।
সোমবার (১ জুন) সকালের দিকে সদর উপজেলার চর ভবানীপুর গ্রামের সালেহা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার উত্তমপুর গ্রামের বাসিন্দা রেজাউল শিকদার দীর্ঘদিন ধরে স্ত্রী শারমিন আক্তারের সঙ্গে পারিবারিক বিরোধে জড়িয়ে ছিলেন। প্রায় এক বছর ধরে তারা আলাদা বসবাস করছিলেন। ঈদের ছুটিতে শারমিন সন্তানদের নিয়ে বাবার বাড়িতে বেড়াতে এলে রবিবার রাতে সেখানে যান রেজাউল।
অভিযোগ রয়েছে, স্ত্রীকে জোরপূর্বক সঙ্গে নিয়ে যেতে ব্যর্থ হয়ে তিনি কোমর থেকে একটি পিস্তল বের করে ভয়ভীতি প্রদর্শন করেন। এক পর্যায়ে আতঙ্ক সৃষ্টি করতে এক রাউন্ড ফাঁকা গুলিও ছোড়েন। এ সময় শারমিনের মা সালেহা বেগম কৌশলে পিস্তলটি নিজের হেফাজতে নেন। পরে সোমবার সকালে বিষয়টি স্থানীয়দের মধ্যে জানাজানি হলে পুলিশকে খবর দেওয়া হয়।খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিস্তল ও গুলি উদ্ধার করে। তবে পুলিশের আসার আগেই স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে রেজাউল শিকদার ম্যাগাজিনসহ পালিয়ে যান।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, একটি বিদেশি ৯ এমএম পিস্তল ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। অস্ত্রটি জব্দ করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পুলিশ জানিয়েছে, অস্ত্রটির বৈধতা ও উৎস অনুসন্ধানের পাশাপাশি পলাতক রেজাউল শিকদারকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।