চাঁদপুরের মতলব উত্তর থেকে স্কুলে যাওয়ার কথা বলে বের হয়ে নিখোঁজ রাতুল দেবনাথকে (১৩) উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।
রাতুল ছেংগারচর বাজারের স্বর্ণ ব্যবসায়ী বিশ্বজিৎ চন্দ্র দেবনাথের ছেলে। সে ছেংগারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
জানা গেছে, সোমবার (২১ সেপ্টেম্বর) স্কুলে যাওয়ার জন্য বের হওয়ার পর থেকে রাতুলকে কোথাও পাওয়া যাচ্ছিল না। তার মুঠোফোন বন্ধ থাকায় পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজ করে তার সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এর মধ্যেই ফেসবুকে তার একটি বার্তা দেখতে পান পরিবারের সদস্যরা, সেখানে লেখা ছিল—‘মিস ইউ মা’। সেই পোস্টের সূত্র ধরে প্রায় ২৪ ঘণ্টা পর বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকা থেকে রাতুলকে উদ্ধার করে পুলিশ।
চাঁদপুর পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, জননিরাপত্তা নিশ্চিত করা এবং মানুষের যেকোনো বিপদে দ্রুত সাড়া দেওয়ার লক্ষ্যে জেলা পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে।
মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ কামরুল হাসান জানান, তথ্য-প্রযুক্তি ব্যবহার করে দ্রুত পদক্ষেপ গ্রহণ ও সমন্বিত অভিযানের মাধ্যমে দুর্গম এলাকা থেকে রাতুলকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
















আপনার মতামত লিখুন :