জয়পুরহাট সদর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি ফিলিং স্টেশনসহ তিন প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) জেলা প্রশাসন ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়া যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
আদালত সূত্রে জানা গেছে, সদর উপজেলার পুরানপৈল এলাকার আরাফাত ফিলিং স্টেশনকে পেট্রল পাম্পের বাৎসরিক ভেরিফিকেশন সার্টিফিকেট ছাড়া তেল বিক্রি ও বিতরণ করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়। ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী এই দণ্ড দেওয়া হয়।
এছাড়া এলপিজি গ্যাসের নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে বিক্রি করার অপরাধে আরও দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এর মধ্যে রেলগেট এলাকার রাজলক্ষ্মী ট্রেডার্সকে ৮ হাজার টাকা এবং থানা রোড এলাকার চৌধুরী এলপিজিকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানটির নেতৃত্ব দেন জয়পুরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হক।
প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বগুড়া আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌ. মো. আসাদুজ্জামান।
বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার উপপরিচালক ও অফিস প্রধান মো. জহুরুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জরিমানার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জনস্বার্থে বিএসটিআইয়ের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
















আপনার মতামত লিখুন :