দিনাজপুরের ঘোড়াঘাটে চুরি, ডাকাতি ও ছিনতাই রোধসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সচেতনতামূলক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ মে) ঘোড়াঘাট থানায় আয়োজিত এই ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন সহকারী পুলিশ সুপার (ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেল) নিয়ামত হাসান। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, এলাকায় চুরি, ডাকাতি ও রাহাজানি বন্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।
সহকারী পুলিশ সুপার নিয়ামত হাসান তার বক্তব্যে জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের তৎপরতার কথা উল্লেখ করেন এবং অপরাধ দমনে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান।
এ সময় জানানো হয়, পুলিশের বিশেষ অভিযানে আন্ত জেলা ডাকাতদলের ৫ জন সদস্য, ৩ জন চোরসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে জেলহাজতে পাঠানো হয়েছে।
অভিযানে অপরাধকাজে ব্যবহৃত একটি নীল রঙের পিকআপ ভ্যান ও চুরি হওয়া গবাদি পশু বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন জেলা সহকারী পুলিশ সুপার সাদ্দাম হোসেন এবং ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম।এ ছাড়া ঘোড়াঘাট উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পুলিশ কর্মকর্তারা জানান, অপরাধীদের চিহ্নিত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তারা জানান।গ্রেপ্তার প্রধান আসামি চুরির মাস্টারমাইন্ড মো. কাওসার ইসলাম এবং তার সহযোগী মাহমুদুল হাসান মুন্না, মো. সুভেল মিয়া, আল-রাহিদ আপন ও মো. ফাহিম ইসলাম।
২ মে নূরপুর গ্রাম থেকে গরু চুরির ঘটনায় করা মামলার প্রেক্ষিতে এই সফল অভিযান পরিচালিত হয়। চুরিকৃত গরু বিক্রির ৬০,০০০ টাকা ও গরু পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়েছে।