স্ত্রীকে নির্যাতনের মামলায় সার্জেন্ট মো. নাজিম উদ্দিনকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোস্তাক আহমেদ এ রায় দেন।
ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) আলমগীর মোহাম্মদ ইউনুছ বলেন, যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় নাজিম উদ্দিনকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
৯ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত এ রায় দেওয়া হয়েছে। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। আপিলের শর্তে তাকে জামিন দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর সঙ্গে ২০০৪ সালে মো. নাজিম উদ্দিনের বিয়ে হয়।নাজিমের বাড়ি পটিয়ায় এবং ভুক্তভোগী নারীর বাড়ি লালমনিরহাটে। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মামলার পর তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে।
এ ঘটনার পর ভুক্তভোগী নারী আদালতে মামলার আবেদন করলে নগরের কোতোয়ালি থানায় মামলা রেকর্ড করার নির্দেশ দেন আদালত। পরে ২০২০ সালের ১৭ আগস্ট থানায় মামলা রেকর্ড করা হয়।
মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হলে ২০২১ সালের ২৭ সেপ্টেম্বর অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার রায় ঘোষণা করা হয়।