নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় দাবি করা চাঁদা না পেয়ে ফুডল্যান্ড নামে একটি কারখানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে একটি সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।
রবিবার (৩ মে) ফতুল্লা থানাধীন ভূইগড় শান্তিধারা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, স্থানীয় শাহাদাৎ হোসেন ওরফে পুলিশ শাহাদাৎ এবং মান্নান শাহাদাতের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল কারখানাটিতে হামলা চালায়।
ভুক্তভোগীদের অভিযোগ, হামলাকারীরা কারখানায় প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর করে এবং দুটি মোটরসাইকেল, ব্যবসায়িক কাজে ব্যবহৃত গাড়ি, নগদ টাকা, শ্রমিকদের মোবাইল ফোন, এলপিজি সিলিন্ডার, ওভেন ও কাঁচামাল লুট করে নিয়ে যায়।
ফুডল্যান্ড কারখানার মালিকের স্ত্রী শারমিন সুলতানা জানান, গত কয়েক দিন ধরে তাদের কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করা হচ্ছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হামলার হুমকি দেওয়া হয়। প্রায় ১২ বছর ধরে আমরা সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করছি।
হঠাৎ করে একটি চক্র চাঁদা দাবি শুরু করে। চাঁদা না দেওয়ায় তারা কারখানায় হামলা চালিয়েছে।
কারখানার ম্যানেজার হারুন অর রশিদ অভিযোগ করে বলেন, হামলাকারীরা প্রথমে তার কাছে ৩০ লাখ টাকা দাবি করে। তিনি রাজি না হলে তারা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় এবং ব্যাপক ভাঙচুর করে।
হামলাকারীরা ক্যাশ ড্রয়ারে থাকা প্রায় ৯ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যায়। এ ছাড়া দুটি কভার্ড ভ্যান, দরজা-জানালা, ফ্রিজ, বিভিন্ন যন্ত্রপাতি, সিসিটিভি ক্যামেরা ও উৎপাদিত পণ্যসামগ্রী ভাঙচুর করা হয়।
হামলায় আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় ফতুল্লা থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।অভিযোগ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’