শিরোনামঃ

সঠিক নীতিমালা ও সামাজিক আন্দোলনে শিশুশ্রম বন্ধ সম্ভব : মাহ্দী আমিন

অনলাইন ড্রেস
সঠিক নীতিমালা ও সামাজিক আন্দোলনে শিশুশ্রম বন্ধ সম্ভব : মাহ্দী আমিন
🖼️ ফটো কার্ড তৈরি করুন

 

সঠিক নীতিমালা প্রণয়ন ও সমন্বিত সামাজিক আন্দোলনের মাধ্যমে শিশুশ্রম বন্ধ করা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন। তিনি বলেছেন, শিশুশ্রম নিরসনে শুধু শ্রমঘন এলাকায় বিচ্ছিন্নভাবে কাজ করলে হবে না; এর সঙ্গে শিক্ষা, পরিবারের অর্থনৈতিক সক্ষমতা ও কর্মসংস্থানের বিষয়গুলোও যুক্ত।

 

 

এ জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, নাগরিক সমাজ ও আন্তর্জাতিক অংশীদারদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে বাংলাদেশ লেবার ফাউন্ডেশন (বিএলএফ) ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহ্দী আমিন এসব কথা বলেন।

 

কেরানীগঞ্জের অনানুষ্ঠানিক তৈরি পোশাক খাতে শিশুশ্রম কমানোর লক্ষ্যে একটি প্রকল্পের উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

মাহ্দী আমিন বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর নয় মাস পার হয়েছে।

 

 

মধ্যপ্রাচ্যের যুদ্ধসহ নানা বৈশ্বিক অস্থিতিশীলতার মধ্যে সরকারকে দায়িত্ব নিতে হয়েছে। তবে জনগণের ভোটে নির্বাচিত হওয়ায় সরকারের সবচেয়ে বড় শক্তি জনগণের কাছে জবাবদিহি ও দায়বদ্ধতা। নির্বাচনী ইশতেহারকে ভিত্তি ধরে সরকার রাষ্ট্র পরিচালনা করছে। শিশুশ্রম নিরসন ও শ্রমিকদের অধিকার রক্ষার বিষয়গুলো ইশতেহারের সঙ্গে সরাসরি যুক্ত।

 

তাই নানা সীমাবদ্ধতা থাকলেও এসব বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

শিশুশ্রম নিরসনে পাঁচ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনার বাস্তবায়ন এগিয়ে চলছে জানিয়ে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, টেকসই ও বাস্তবসম্মত উপায়ে সবার অংশগ্রহণ নিশ্চিত করে এ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। শিশুশ্রম বন্ধে শিক্ষাব্যবস্থাকে বিশেষ গুরুত্ব দিতে হবে। কোনো পরিবার যেন সন্তানকে কাজে পাঠাতে উৎসাহিত না হয়, সে জন্য প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাকে ঢেলে সাজানো হচ্ছে।

 

তিনি বলেন, প্রাক্‌-প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল, স্কুলের পোশাক, পাটের তৈরি ব্যাগ ও জুতা দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে।

 

 

সরকারের পাঁচ বছরের মেয়াদের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের এক কোটির বেশি শিক্ষার্থীর কাছে এসব সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে।

দেশজুড়ে বৃত্তির সংখ্যা ও অর্থের পরিমাণ বাড়ানো হয়েছে উল্লেখ করে মাহ্দী আমিন বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী স্নাতক পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা নিশ্চিত করার কাজ শুরু হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময় দশম শ্রেণি পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা চালু হয়েছিল। এবার তা স্নাতক পর্যায় পর্যন্ত সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া অষ্টম শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা নিশ্চিত করার নীতিমালা রয়েছে, যা আগামী অর্থবছর থেকে কার্যকর হতে শুরু করবে।

 

শিক্ষা খাতে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের সরাসরি উপকারে আসে, এমন বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন মাহ্দী আমিন। তিনি বলেন, শিক্ষা খাতে বাজেট পর্যায়ক্রমে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশে উন্নীত করার কাজ চলছে। সন্তানকে স্কুলে পাঠালে পরিবার আর্থিক সহায়তা পাবে এবং শিক্ষার ব্যয় পরিবারের ওপর বোঝা হয়ে দাঁড়াবে না—এমন ব্যবস্থা নিশ্চিত করা গেলে অভিভাবকেরা সন্তানদের কারখানায় না পাঠিয়ে বিদ্যালয়ে পাঠাতে উৎসাহিত হবেন।

 

শ্রেণিকক্ষে থাকার বয়সী শিশুরা যেন কারখানায় কাজ করতে না যায়, সে জন্য শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি। শিশুশ্রম নিরসনে বাল্যবিবাহ প্রতিরোধের মতো সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি শিক্ষকদের দক্ষতা ও শিক্ষার মান বাড়ানোর ওপরও জোর দেন।

 

পড়াশোনা শেষে বেকারত্বের শঙ্কা দূর করতে ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানান মাহ্দী আমিন। নবম ও দশম শ্রেণিতে সবার জন্য কারিগরি শিক্ষা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার সঙ্গে বাস্তব জীবনের কর্মসংস্থানের যোগসূত্র তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

 

শিশুশ্রমের অন্যতম কারণ পারিবারিক দারিদ্র্য ও অভিভাবকদের কর্মসংস্থানের অভাব উল্লেখ করে মাহ্দী আমিন বলেন, শিশুশ্রম বন্ধ করতে হলে বাবা-মায়ের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে হবে। এ জন্য সামষ্টিক অর্থনৈতিক প্রবৃদ্ধি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং শিল্পকারখানার প্রসারের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি জরুরি।

 

তিনি বলেন, প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের পরিকল্পনা অনুযায়ী সার্বজনীন ফ্যামিলি কার্ড চালু হয়েছে। এর মাধ্যমে হতদরিদ্র ও প্রান্তিক পরিবারের মায়েদের হাতে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ পৌঁছালে তারা সন্তানদের পড়াশোনার পেছনে তা ব্যয় করতে পারবেন। ফলে অভাবের কারণে সন্তানদের কাজে পাঠানোর প্রবণতা কমবে।

 

শিশুশ্রম নিরসনে শুধু প্রাতিষ্ঠানিক বা আনুষ্ঠানিক অর্থনীতির দিকে নজর দিলে হবে না উল্লেখ করে তিনি বলেন, অনানুষ্ঠানিক খাতেও বিপুলসংখ্যক শিশু কাজ করছে। তাদের বিষয়টি বিবেচনায় নিয়ে সমন্বিত নীতিমালা গ্রহণ করতে হবে। দীর্ঘ সময় ধরে এ জাতীয় সমস্যার যথাযথ সমাধানে গুরুত্ব দেওয়া হয়নি। তবে জবাবদিহিমূলক সরকার হিসেবে এ বিষয়ে প্রধানমন্ত্রীর গভীর দায়বদ্ধতা রয়েছে।

 

মাহ্দী আমিন বলেন, শিশুরা শিল্পকারখানায় নয়, শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে মানবিক মূল্যবোধ নিয়ে বেড়ে উঠবে এবং ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে—এটাই প্রত্যাশা। বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি তরুণ জনগোষ্ঠী। এই জনগোষ্ঠীর মেধা ও সৃজনশীলতার বিকাশে প্রয়োজনীয় সুযোগ ও পরিবেশ তৈরি করতে পারলে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

 

শিশুশ্রম নিরসনে একাধিক মন্ত্রণালয়ের সমন্বয়ের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, মহিলা ও শিশুবিষয়ক এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পাশাপাশি শিক্ষা, আইন, স্বরাষ্ট্র ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ও এ কার্যক্রমের সঙ্গে যুক্ত। কারণ, শিশুশ্রমের সঙ্গে পরিবারের অর্থনৈতিক সক্ষমতার বিষয়টি সরাসরি জড়িত।

 

কোনো একক প্রতিষ্ঠানের পক্ষে শিশুশ্রম নির্মূল করা সম্ভব নয় উল্লেখ করে মাহ্দী আমিন বলেন, এ জন্য আন্তমন্ত্রণালয় সমন্বয়ের পাশাপাশি বেসরকারি খাত, নাগরিক সমাজ ও আন্তর্জাতিক অংশীদারদেরও এগিয়ে আসতে হবে। দল-মতের ঊর্ধ্বে উঠে সবার অংশগ্রহণে এ লক্ষ্য অর্জন সম্ভব।

 

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, মানবাধিকার ও নারী অধিকারকর্মী অ্যাডভোকেট সালমা আলী, বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের ডেলিগেশনের হেড অব ইন্টারন্যাশনাল পার্টনারশিপস মিখাল ক্রেইজা, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রহিম খান, কেন্দ্রীয় তহবিলের মহাপরিচালক ও অ্যাডউইব প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক আব্দুস সামাদ আল আজাদ, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দীন আহমেদ, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের লেবার অ্যান্ড ওয়ার্কপ্লেস রিলেশনস অ্যাডভাইজার মাহফুজুর রহমান ভূঁইয়া এবং সোশ্যালিস্ট লেবার ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।