ডেঙ্গুর বিস্তার ঠেকাতে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে নগরজুড়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
রাজশাহী মহানগরীর প্রতিটি ওয়ার্ডে এখন নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নগরীর গুরুত্বপূর্ণ ড্রেনগুলোতে দেওয়া হচ্ছে লার্ভিসাইড স্প্রে। একই সঙ্গে রাস্তার পাশের ঝোপঝাড় পরিষ্কার, ড্রেনের কাদামাটি ও জমে থাকা ময়লা-আবর্জনা নিয়মিত অপসারণ করা হচ্ছে।
রাসিক সূত্রে জানা গেছে, নগরীর ড্রেন, সড়কের পাশ, ঝোপঝাড় ও সম্ভাব্য সকল মশার প্রজননস্থল চিহ্নিত করে ক্রমান্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রতিটি ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত পরিচ্ছন্নতা কর্মীরা মাঠে থেকে সার্বক্ষণিক এই কার্যক্রম তদারকি করছেন।
অভিযানের পাশাপাশি নগরবাসীকে সচেতন করতেও জোর তৎপরতা চালাচ্ছে সিটি কর্পোরেশন। নিজস্ব বাড়িঘর ও চারপাশ পরিষ্কার রাখা, কোথাও যেন ৩ দিনের বেশি পানি জমে না থাকে সে বিষয়ে খেয়াল রাখা এবং প্রজননস্থল ধ্বংসে সর্বসাধারণের সক্রিয় সহযোগিতা নিশ্চিত করতে আহ্বান জানানো হচ্ছে।
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, “প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নগরবাসীকে ডেঙ্গুর হাত থেকে রক্ষা করতে রাসিক সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। নগরীকে মশামুক্ত রাখতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”
জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
আপনার মতামত লিখুন :