নড়াইল আদালতে মামলার হাজিরা দিতে এসে দেশীয় অস্ত্রসহ ১১ জনকে আটক করেছে পুলিশ। রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে আদালত চত্বরের এক আইনজীবীর চেম্বার থেকে তাদের আটক করা হয়।
পুলিশ বলছে, তাদের কাছ থেকে রামদা, চাপাতি ও দা উদ্ধার করা হয়েছে।
আটকরা নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া গ্রামের বাসিন্দা। তারা হলেন, এস্কেন্দার শেখ (৪৫), আমিনুর শিকদার (৫৬), হাফেজ শেখ (২৫), তৈয়েবুর রহমান (৫৫), সেকেন্দার আলী (৫৮), হাসানুর রহমান (৫৫), রিয়াজুল শিকদার (২৭), আরিফুল শেখ (২২), তারেক শেখ (৩২), জুলফিকার রহমান (৪০) ও শরিফুল মোল্যা (৪০)।
পুলিশ সূত্রে জানা যায়, একটি মামলায় হাজিরা দিতে রবিবার নড়াইল আদালতে আসেন তারা।
পরে আদালত চত্বরের এক আইনজীবীর চেম্বারে অবস্থান করার সময় সদর থানা-পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
নড়াইল সদর থানার ওসি মো. রাসেল সারোয়ার বলেন, নড়াইল আদালতের এক আইনজীবীর চেম্বার থেকে ১২টি দেশীয় অস্ত্রসহ ১১ জনকে আটক করা হয়েছে।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
















আপনার মতামত লিখুন :