উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে রাজশাহী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত মাসব্যাপী ‘ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট’-এর জমকালো ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার নগরীর ঐতিহাসিক ‘মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে’ অনুষ্ঠিত এই বহুল প্রতীক্ষিত শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয় মোহনপুর উপজেলা ও দুর্গাপুর উপজেলা দল।
টুর্নামেন্টকে কেন্দ্র করে সকাল থেকেই স্টেডিয়াম এলাকায় ফুটবলপ্রেমী মানুষের ঢল নামে। করতালিমুখর গ্যালারি ও হাজারো দর্শকের উপস্থিতিতে পুরো স্টেডিয়াম এলাকা পরিণত হয় ক্রীড়ামোদী মানুষের মিলনমেলায়। মাঠে দুই দলের খেলোয়াড়দের আক্রমণ ও পাল্টা আক্রমণে খেলাটি শুরু থেকেই হয়ে ওঠে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।
খেলা উপভোগ এবং পরবর্তীতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মাহমুদা হাবীবা। এছাড়াও রাজশাহীর বিভাগীয় কমিশনার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনারসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।
পুরস্কার বিতরণী পর্বে সমাপনী বক্তব্য ও সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে নিয়মিত ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই। উপজেলা পর্যায়ের এই টুর্নামেন্ট স্থানীয় পর্যায়ে নতুন খেলোয়াড় তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম জানান, তরুণ সমাজকে ইতিবাচক ও সুস্থ ধারায় সম্পৃক্ত করার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে জেলা প্রশাসন ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার ধারা অব্যাহত রাখবে।
খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।




















আপনার মতামত লিখুন :