এশিয়ান গেমসে জাসপ্রীত বুমরা-বৈভব সূর্যবংশীদের থাকার জন্য পাঁচতারা হোটেল চেয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে তাদের সেই আবদারে সাড়া দেয়নি ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ)।
সংস্থাটি জানিয়েছে, অন্য খেলোয়াড়দের মতো ক্রিকেটারদেরও একই নিয়মের মধ্যে থাকতে হবে।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠেয় এশিয়ান গেমসে ভারতীয় পুরুষ ক্রিকেট দলকে তিন তারকা হোটেল এবং নারী দলকে চারতারা হোটেলে রাখার ব্যবস্থা করা হয়েছে। দুই দলের জন্যই কক্ষ ভাগাভাগি করে থাকার ব্যবস্থা রয়েছে।
কিন্তু এই ব্যবস্থায় আপত্তি আছে বিসিসিআইয়ের।
তাই বোর্ডের একটি প্রতিনিধিদল জাপানে গিয়ে হোটেলসহ অন্যান্য সুযোগ-সুবিধা পরিদর্শন করবে। এরপর তারা ঠিক করবে, আয়োজকদের নির্ধারিত ব্যবস্থায় থাকবে নাকি নিজেদের উদ্যোগে থাকার ব্যবস্থা করবে।
আইওএর প্রধান নির্বাহী কর্মকর্তা রঘুরাম আইয়ার জানিয়েছেন, ক্রিকেটারদের জন্য আলাদা কিংবা বিশেষ ব্যবস্থা করবে না সংস্থাটি। তার ভাষ্য, ‘সব খেলা, খেলোয়াড়, কোচ এবং পুরো প্রতিনিধিদলকে আইওএ সমানভাবে বিবেচনা করে।
’
তবে বিসিসিআই চাইলে নিজেদের খরচে আলাদা হোটেলের ব্যবস্থা করতে পারবে। সে ক্ষেত্রে খেলোয়াড়দের থাকা, খাওয়া, যাতায়াত এবং মাঠে সময়মতো পৌঁছানোর দায়িত্ব নিতে হবে বোর্ডকে।
অর্থাৎ, বিশেষ সুবিধার দরজা বন্ধ রাখলেও নিজেদের ব্যবস্থাপনার স্বাধীনতা বিসিসিআইকে দিয়েছে আইওএ। এখন জাপানে পরিদর্শনের পর কী সিদ্ধান্ত নেয় বিসিসিআই, সেটিই দেখার বিষয়।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।




















আপনার মতামত লিখুন :