গোদাগাড়ীতে মাদক ব্যবসা, দ্বিমুখী ‘সোর্সগিরি’ ও ষড়যন্ত্রের অভিযোগ: আতঙ্কে এলাকাবাসী

মোঃ রবিউল ইসলাম মিনাল, (রাজশাহী) প্রতিনিধি:
গোদাগাড়ীতে মাদক ব্যবসা, দ্বিমুখী ‘সোর্সগিরি’ ও ষড়যন্ত্রের অভিযোগ: আতঙ্কে এলাকাবাসী
🖼️ ফটো কার্ড তৈরি করুন

রাজশাহীর গোদাগাড়ী পৌর এলাকার সিএনবি মোড় অঞ্চলে হিরোইন ও মাদক ব্যবসার এক বেপরোয়া নেটওয়ার্ক গড়ে তোলার অভিযোগ উঠেছে মৃত সাইদুর রহমানের ছেলে নোবেলের বিরুদ্ধে। মাদক ব্যবসা পরিচালনা, পরিবহনে স্ত্রীকে সরাসরি ব্যবহার করা এবং আইনশৃঙ্খলা বাহিনীর ‘সোর্স’ পরিচয় দিয়ে প্রতিপক্ষকে ফাঁসিয়ে মাদকের চালান আত্মসাৎ করার মারাত্মক অপকৌশল অবলম্বন করছেন তিনি। একের পর এক এমন ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

​স্থানীয় সূত্রে জানা গেছে, নোবেল নিজে মাদক সিন্ডিকেটের সাথে সরাসরি যুক্ত থেকে স্ত্রীসহ কৌশলে মাদকের চালান বহন করে থাকেন। তবে নিজের অপরাধ ঢাকতে ও প্রতিপক্ষকে সাইডলাইন করতে সে দ্বিমুখী অপকৌশলের আশ্রয় নিয়েছে। নিজেকে প্রশাসনের ‘সোর্স’ পরিচয়ে এলাকায় একচ্ছত্র প্রভাব বিস্তার করে সে অন্যের মাদকের চালান আত্মসাৎ করে থাকে। একই সাথে নিজের স্বার্থ হাসিল করতে এলাকায় এবং এলাকার বাইরের বিভিন্ন নিরীহ মানুষকে মাদকের মাধ্যমে ফাঁদে ফেলার ষড়যন্ত্রে সে লিপ্ত। অনুসন্ধান ও এলাকা সূত্রে জানা গেছে, ইতোমধ্যে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত দুটি মাদক মামলা রয়েছে এবং তার অপকর্মের বেশ কিছু তথ্য-প্রমাণ ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে এসেছে।

​নোবেলের এমন চরম সামাজিক ও নৈতিক অবক্ষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা জানান, সে নিজের ব্যক্তিগত ও আর্থিক স্বার্থের জন্য আত্মীয়-স্বজন কিংবা সামাজিক সম্পর্কের কোনো তোয়াক্কা করে না। তার বেপরোয়া স্বভাব ও ষড়যন্ত্রের ভয়ে সাধারণ মানুষ তটস্থ অবস্থায় দিন কাটাচ্ছে।

​এদিকে, নোবেলের মরহুম পিতা সাইদুর রহমানের অমায়িক ও সাদাসিধা জীবনের কথা স্মরণ করে গভীর দুঃখ প্রকাশ করেছেন এলাকার প্রবীণ ব্যক্তিরা ও তাঁর বন্ধু মহল। তারা আক্ষেপ করে বলেন, সাইদুর রহমান অত্যন্ত ভালো মানুষ ও সামাজিক হিসেবে এলাকায় বেশ সুপরিচিত ছিলেন। অথচ তাঁর সন্তান অপরাধ জগতের অন্ধকার গলিতে পা বাড়িয়ে পিতার সুনামে দাগ লাগিয়েছে, যা চরম দুঃখজনক।

​এলাকাবাসীর আশঙ্কা, নোবেলের অন্যায় ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড এখনই কঠোরহাতে প্রতিরোধ না করা হলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটবে। কোনো নিরীহ ব্যক্তি যেন তার চক্রান্তের শিকার না হয় এবং এলাকার সামাজিক শান্তি ফিরিয়ে আনতে অবিলম্বে তাকে গ্রেপ্তারপূর্বক কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।