সিরাজগঞ্জের রায়গঞ্জে নিজ বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়ার পথে মোছা. সুরাইয়া আক্তার সাথী (১৮) নামের এক তরুণী নিখোঁজ হয়েছেন। নিখোঁজের পাঁচ দিন পার হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় তরুণীর পরিবারের পক্ষ থেকে রায়গঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ সুরাইয়া আক্তার সাথী উপজেলার বেংনাই পশ্চিমপাড়া গ্রামের ছামিদুল ইসলাম ও রূপা খাতুনের মেয়ে। তিনি মিত্র তেঘুরি বেংনাই সরকারি উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নেন।
জিডি সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১১টার দিকে সুরাইয়া নিজ বাড়ি থেকে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হন। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।
নিখোঁজের সময় সুরাইয়ার পরনে ছিল গোলাপি রঙের বোরখা। তার গায়ের রং ফর্সা, চুল কালো ও মাঝারি লম্বা। তার উচ্চতা প্রায় ৫ ফুট ৪ ইঞ্চি এবং ওজন আনুমানিক ৫৪ কেজি।
এ ঘটনায় নিখোঁজের দিনই (৫ সেপ্টেম্বর) সুরাইয়ার ভাই মো. রবিউল ইসলাম বাদী হয়ে রায়গঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন।
নিখোঁজ তরুণীর ভাই রবিউল ইসলাম বলেন, “বাড়ি থেকে বের হওয়ার পর আমার চাচা সুরাইয়াকে পাঙ্গাসী ইউনিয়নের চক নুরগ্রামে অবস্থিত ‘তালুকদার ফিলিং স্টেশন অ্যান্ড এলপিজি অটো গ্যাস পাম্পের’ সামনে নামতে দেখেন। ওই পাম্পের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হলে সুরাইয়া কোথায় গেছেন বা তার সঙ্গে কেউ ছিল কি না, সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।” তিনি দ্রুত সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণের দাবি জানিয়ে বলেন, “আমরা যেকোনো মূল্যে সুরাইয়াকে সুস্থ ও নিরাপদ অবস্থায় ফেরত চাই।”
এ বিষয়ে রায়গঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবু সাঈদ জানান, নিখোঁজ তরুণীকে উদ্ধারে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। মোবাইল ফোনের কল রেকর্ড ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। নিখোঁজের আগে ও পরে কার কার সঙ্গে তার যোগাযোগ ছিল, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং একাধিক টিম মাঠে কাজ করছে। নিখোঁজের পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা-ও তদন্তের আওতায় রয়েছে। আশা করা হচ্ছে, দ্রুতই তার সন্ধান পাওয়া যাবে।
পুলিশের পক্ষ থেকে কোনো ব্যক্তি উক্ত তরুণীর সন্ধান পেলে নিকটস্থ থানা অথবা তার পরিবারের সঙ্গে যোগাযোগের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।



















আপনার মতামত লিখুন :