বাকৃবিতে ‘ডিনস অ্যাওয়ার্ড’ পেলেন কৃষি অনুষদের ১২ শিক্ষার্থী
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের ১২ জন কৃতি শিক্ষার্থীকে ‘ডিনস অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। একই অনুষ্ঠানে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া কৃষি অনুষদের নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘ওরিয়েন্টেশন-২০২৬’।
সোমবার (৬ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে কৃষি অনুষদের উদ্যোগে নবীনবরণ ও ডিনস অ্যাওয়ার্ড-২০২৬ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি এম মুজিবুর রহমান
এ ছাড়া বক্তব্য দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (বাউরেস)-এর পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান, অধ্যাপক ড. মাহফুজা জাহানসহ অনুষদের অন্যান্য শিক্ষক।
এ সময় নবীন শিক্ষার্থীদের উদ্দেশে স্বাগত বক্তব্য প্রদান করেন কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মাসুম আহমাদ। তিনি কৃষি অনুষদের ইতিহাস, ঐতিহ্য ও শিক্ষা কার্যক্রম তুলে ধরেন। এ সময় কৃষি অনুষদের ওপর একটি তথ্যচিত্রও প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে কৃষি অনুষদে নবীন ৩২০ জন শিক্ষার্থী, তাদের অভিভাবক, অনুষদের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘ডিনস অ্যাওয়ার্ড’ প্রদান। অনুষদের মেধাতালিকায় অসাধারণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ ১২ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা মেডেল ও সনদ তুলে দেন উপাচার্য ও কৃষি অনুষদের ডিন।
এ সময় নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে দুজন শিক্ষার্থী নিজেদের অনুভূতি ব্যক্ত করেন। পরে বিভিন্ন বিভাগের প্রধানদের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং তাদের পক্ষ থেকে নবাগতদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দেশের কৃষি শিক্ষার অগ্রদূত এবং কৃষি বিপ্লবের অন্যতম প্রাণকেন্দ্র।
নবীন শিক্ষার্থীদের আধুনিক ও স্মার্ট কৃষি প্রযুক্তিতে দক্ষ হয়ে দেশ ও বিশ্বের কৃষি উন্নয়নে অবদান রাখতে হবে। শিক্ষার্থীদের জন্য বিশ্বের বিভিন্ন দেশে কাজ করার সুযোগ রয়েছে। সেই সুযোগ কাজে লাগাতে নিজেদের দক্ষতা ও যোগ্যতা বৃদ্ধি করতে হবে।’
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।




















আপনার মতামত লিখুন :