ফরিদপুরের নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে মো. আব্দুল আউয়াল নামের এক প্রতিবন্ধী বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) দুপুর ২টার দিকে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের পোড়াদিয়া এলাকায় রেললাইনের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল আউয়াল (৬০) নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের লস্করপুর গ্রামে মৃত বাছের মিয়ার ছেলে। তিনি শারীরিক প্রতিবন্ধী ছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা নকশীকাঁথা ট্রেনটি ভাঙা হয়ে ফরিদপুরের দিকে যাওয়ার কিছুক্ষণ পর ঘটনাস্থলে খণ্ডিত দেহ পড়ে থাকতে দেখা যায়। প্রথম দিকে নিহতের পরিচয় জানা না গেলেও পরে পুলিশ তার পরিচয় শনাক্ত করে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. রাসুল সামদানি আজাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন।পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।