পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে নৌভ্রমণের সময় নদীতে পড়ে নিখোঁজ হওয়া যুবক রিফাত হাসান রক্তিমের মরদেহ প্রায় ২০ ঘণ্টা পর উদ্ধার করেছে ডুবুরি দল ও পুলিশ।
শনিবার (৩০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে পাকশীর হার্ডিঞ্জ ব্রিজের নিচ এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে নিখোঁজ হয় রিফাত।
নিহত রিফাত পাবনা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দিলালপুর এলাকার বাসিন্দা এবং জাকির হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঈদের ছুটিতে বেড়াতে গিয়ে কয়েকজন বন্ধু হার্ডিঞ্জ ব্রিজের নিচ থেকে একটি নৌকা ভাড়া করে পদ্মা নদীতে ভ্রমণ করছিলেন। একপর্যায়ে আকস্মিক ঝড়-বৃষ্টি শুরু হলে নৌকায় থাকা ছয় যাত্রী নদীতে পড়ে যান।পরে স্থানীয়দের সহায়তায় পাঁচজনকে উদ্ধার করা সম্ভব হলেও রিফাত নিখোঁজ হন। খবর পেয়ে সন্ধ্যার পর রাজশাহী থেকে ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। তবে রাত পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি।
পরে শনিবার সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু হয়।
টানা অনুসন্ধানের একপর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে হার্ডিঞ্জ ব্রিজের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ফায়ার সার্ভিস, পুলিশ ও ডুবুরি দলের যৌথ অভিযানে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ থানায় নেওয়া হয়েছে এবং পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’