নদীপাড়ের জেলে ও কৃষকদের অধিকার রক্ষা এবং ভাস্কর নদী সংরক্ষণের দাবিতে কুড়িগ্রামে ‘রিভারাইন পিপল ভাস্কর নদী সুরক্ষা কমিটি’ গঠন করা হয়েছে। এতে মো. আরিফুল ইসলামকে আহ্বায়ক এবং মো. ফরহাদ সরকারকে সদস্যসচিব করা হয়েছে।
শনিবার (৩০ মে) বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের কালিরহাট বাজারে আয়োজিত এক সভায় ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সভায় রিভারাইন পিপলের পরিচালক তুহিন ওয়াদুদ, চাকিরপশার নদী সুরক্ষা কমিটির সদস্য হামিদুল ইসলাম এবং অর্জুনডারা নদী সুরক্ষা কমিটির আহ্বায়ক জাহানুর রহমান উপস্থিত ছিলেন।রিভারাইন পিপলের পরিচালক তুহিন ওয়াদুদ বলেন, ভাস্কর নদী কুড়িগ্রাম সদর ও রাজারহাট উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত একটি গুরুত্বপূর্ণ নদী। দীর্ঘদিন খনন না হওয়া এবং নদীর তীর দখলের কারণে নদীটি বর্তমানে মৃতপ্রায় অবস্থায় রয়েছে।
জাতীয় নদী কমিশনের তালিকাভুক্ত হওয়া সত্ত্বেও স্থানীয় প্রশাসনের উদাসীনতায় নদী দখলমুক্ত করা সম্ভব হয়নি।
তুহিন ওয়াদুদ বলেন, নদীপাড়ের মানুষ এখন নদী রক্ষায় সংগঠিত হচ্ছে। নদীটি পুনরুদ্ধার করা গেলে কৃষি উৎপাদন বৃদ্ধি ও মৎস্যসম্পদ সংরক্ষণের মাধ্যমে স্থানীয় মানুষের জীবন-জীবিকায় ইতিবাচক প্রভাব পড়বে।
স্থানীয় বাসিন্দা ও রিভারাইন পিপলের তথ্য অনুযায়ী, ভাস্কর নদীর কয়েকটি স্থানে প্রভাবশালী ব্যক্তিরা নদীর স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করে স্থাপনা নির্মাণ করেছেন।
এতে প্রতিবছর নদীসংলগ্ন বিস্তীর্ণ এক ফসলি জমির ধান ক্ষতিগ্রস্ত হচ্ছে। নদী খননের উদ্যোগ নেওয়া হলেও বিভিন্ন বাধার কারণে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি বলে অভিযোগ করেন স্থানীয়রা।