ডেঙ্গু প্রতিরোধে রাসিক প্রশাসকের নির্দেশনায় ৩০ ওয়ার্ডে সচেতনতামূলক লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিনিধি
ডেঙ্গু প্রতিরোধে রাসিক প্রশাসকের নির্দেশনায় ৩০ ওয়ার্ডে সচেতনতামূলক লিফলেট বিতরণ
🖼️ ফটো কার্ড তৈরি করুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুশাসন বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধে নগরীর ৩০টি ওয়ার্ডে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

​আজ বুধবার সকাল থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের স্বাস্থ্যকর্মীরা নগরীর ৩০টি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। একই সঙ্গে নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং এডিস মশার বিস্তার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেওয়া হয়।

​লিফলেটে এডিস মশার বংশবৃদ্ধি রোধে বাড়ির ভেতর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার, কন্টেইনার, টিনের কৌটা এবং ফ্রিজ ও এয়ার কন্ডিশনারের ট্রেতে যেন পানি জমে না থাকে, সে বিষয়ে নিয়মিত খেয়াল রাখা ও জমে থাকা পানি পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে।

​এছাড়া দিনে বা রাতে ঘুমানোর সময় বাধ্যতামূলকভাবে মশারি ব্যবহারের পাশাপাশি গর্ভবতী মা, নবজাতক, শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

​লিফলেটে আরও উল্লেখ করা হয়, ডেঙ্গুর কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ নগর স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে গিয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরীক্ষা করাতে হবে। ডেঙ্গুতে আক্রান্ত হলে পর্যাপ্ত পানি ও ডাবের পানি, ডালের জুস সহ তরলজাতীয় খাবার গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

​ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন নগরবাসীকে সচেতন হওয়ার পাশাপাশি নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।