শিরোনামঃ

প্রবাসীদের ভোট নিয়ে ইসির নতুন সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক
প্রবাসীদের ভোট নিয়ে ইসির নতুন সিদ্ধান্ত
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটে প্রার্থী অন্তর্ভুক্তির সময়সীমা আগামী ৮ ফেব্রুয়ারি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে এরপর নতুন করে কেউ প্রার্থিতা ফেরত পেলে বা কারো প্রার্থিতা বাতিল হলে তিনি প্রবাসীদের ভোট পাবেন না। আজ বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, আদালত যদি ৮ ফেব্রুয়ারি পর্যন্ত কোনো প্রার্থীর প্রার্থিতা পুনর্বহাল বা বাতিল করেন, তাহলে তাঁকে পোস্টাল ব্যালটে অন্তর্ভুক্ত করা হবে; কিন্তু ৮ ফেব্রুয়ারির পর যদি কারো প্রার্থিতা পুনর্বহাল বা বাতিল হয়, সে ক্ষেত্রে পোস্টাল ব্যালটের ভোট তাঁদের ক্ষেত্রে প্রযোজ্য হওয়ার সুযোগ নেই।

এর কারণ হিসেবে সচিব জানান, ব্যালট ছাপিয়ে সংশ্লিষ্ট ভোটারকে পাঠিয়ে তারপর রিটার্নিং কর্মকর্তার ফেরত পেতে যে সময় দরকার, সে সময় আর থাকবে না।

এদিকে ওসিভি এবং আইসিপিভি প্রকল্প পরিচালক ড. সালীম আহমাদ খান জানান, আজ সকাল সাড়ে ১০টা পর্যন্ত পোস্টাল ব্যালট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট প্রবাসে পৌঁছেছে। ৫ লাখ ৯ হাজার ৬০১ জন ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। ৮ লাখ ৮৫ হাজার ৫৮৮ জন ভোট দিয়েছেন।

ভোট দিয়ে ৩ লাখ ৯৮ হাজার ১৭৮ জন পোস্ট অফিসে জমা দিয়েছেন আর ৫৫ হাজার ৩৮১টি ব্যালট বাংলাদেশে পৌঁছেছে।
নির্বাচনী প্রচারে ব্যানারের বিষয়ে ইসি সচিব বলেন, ‘আমরা একটা ব্যানারের মাপ বলে দিয়েছিলাম ১০ ফুট বাই চার ফুট। রঙিন ব্যানার করার বিষয়টি দেখে বলতে হবে, সম্ভবত করার কথা না। সাদাকালো ব্যানার করার কথা।

কিন্তু ডিজিটাল ডিসপ্লে বোর্ডে এটা রঙিন আসার কথা। এখন কেউ যদি রঙিন ব্যানার করে থাকেন বা পিভিসি ব্যবহার করেন, তাহলে সেটি নির্বাচনী আচরণবিধির ব্যতিক্রম এবং সেটি রিটার্নিং কর্মকর্তারা ব্যবস্থা নেবেন।’

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।