চট্টগ্রামের লোহাগাড়ায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশত যাত্রী। তাদের মধ্যে ৮-১০ জনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার (৯ মে) সকাল ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি ফোরসিজন রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় জানান, মুখোমুখি সংঘর্ষের সময় বাস দুটি একটা চট্টগ্রাম থেকে ছেড়ে কক্সবাজার অভিমুখে যাচ্ছিল আরেকটি কক্সবাজার থেকে ছেড়ে চট্টগ্রাম অভিমুখে যাচ্ছিল। তবে যাত্রীদের অভিযোগ গাড়ি দুটি বেপরোয়া গতিতে চলছিল।
রেহেনা বেগম (৬০) নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। তার বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার পাথরিয়া ইউনিয়নে।
জানা গেছে, তারা পটিয়া থেকে কক্সবাজার যাচ্ছিলেন।
এদিকে, দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। তাদের মধ্যে যাদের অবস্থা আশঙ্কাজনক তাদেরকে উন্নত চিকিংসার জন্য চট্টগ্রাম মেডিক্যালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
লোহাগাড়া ফায়ার সার্ভিসের সাব-অফিসার ফিরোজ খান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহত দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে।