শিরোনামঃ

পদ্মা সেতুতে ইটিসি নিবন্ধন শুরু, মিলবে নন-স্টপ টোল সুবিধা

অনলাইন ডেক্স
পদ্মা সেতুতে ইটিসি নিবন্ধন শুরু, মিলবে নন-স্টপ টোল সুবিধা
🖼️ ফটো কার্ড তৈরি করুন

পদ্মা সেতুতে দ্রুত ও নিরবচ্ছিন্ন যাতায়াত নিশ্চিত করতে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম চালুর অংশ হিসেবে উভয় প্রান্তে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

বুধবার (৮ এপ্রিল) সেতু বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সেতু কর্তৃপক্ষ বলছে, আধুনিক টোল ব্যবস্থার মাধ্যমে যানবাহনগুলো টোল প্লাজায় না থেমেই পারাপার হতে পারবে। এতে দীর্ঘ লাইনে অপেক্ষার ঝামেলা কমবে এবং সময় ও জ্বালানি সাশ্রয় হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩ এপ্রিল ফরিদপুরে গোল্ডেন লাইন পরিবহনের বাস ডিপোতে পোর্টেবল আরএফআইডি স্ক্যানারের মাধ্যমে মাঠপর্যায়ে ইটিসি নিবন্ধন কার্যক্রম শুরু হয়। এ ছাড়া মাওয়া প্রান্তে নির্ধারিত বুথে সপ্তাহের যেকোনো দিন নিবন্ধন করা যাচ্ছে। পর্যায়ক্রমে মাদারীপুর টার্মিনাল, ঢাকার রাজারবাগ, সায়েদাবাদ ও যাত্রাবাড়ীতেও এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

এ পর্যন্ত মোট ৫৪৬টি যানবাহন ইটিসি নিবন্ধন সম্পন্ন করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নতুন এই ব্যবস্থায় ট্যাপ, বিকাশ, নগদ ও উপায়সহ বিভিন্ন ব্যাংকিং অ্যাপের মাধ্যমে টোল পরিশোধ করা যাবে। নিবন্ধিত যানবাহনগুলো নির্ধারিত গতিসীমার মধ্যে থেকে নন-স্টপ পদ্ধতিতে টোল প্লাজা অতিক্রম করতে পারছে।

সেতু বিভাগের সচিব ও সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, ইটিসি চালুর ফলে যানবাহনের দ্রুত পারাপার নিশ্চিত হবে এবং দেশের অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, পদ্মা সেতুর উভয় প্রান্তে নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে।সংশ্লিষ্ট সকল যানবাহনের মালিক ও চালকদের দ্রুত ইটিসি নিবন্ধন সম্পন্ন করে আধুনিক এই সেবা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

 

পদ্মা সেতু দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।