আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলা র্যাবের বিরুদ্ধে গুম-ক্রসফায়ার মামলার তদন্তে এখনো কোনো সহায়তা চাওয়া হয়নি। এ বিষয়ে যদি ট্রাইব্যুনাল চান, তবে র্যাবের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা করা হবে।
রবিবার (৫ এপ্রিল) দুপুরে র্যাবের মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ এ কথা জানান।
চিফ প্রসিকিউটর র্যাবের ক্রসফায়ারগুলোর নথি তলব করছে, মামলাগুলো তদন্ত করবে।র্যাব থেকে তাদের সহযোগিতা করা হবে কি না, জানতে চাইলে ডিজি বলেন, ‘বিচারপ্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট কোনো বিষয়ে আমাদের কাছে সহযোগিতা চাইলে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। আমাদের কাছে যা আছে, তা দেব। কোনো তথ্য না থাকলে আমরা অপারগতা প্রকাশ করব। কিন্তু ট্রাইব্যুনাল এই বিষয়ে এখনো আমাদের সঙ্গে যোগাযোগ করেননি।
অতীতে র্যাব জলদস্যু এবং বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করেছে, বর্তমানে এসব অপরাধী ফের সক্রিয় হয়ে উঠছে, এ বিষয়ে নতুন করে উদ্যোগ নেয়া হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছি। বিষয়গুলো আমরা জেনেছি এবং কাজ করছি। নির্বাচনসহ নানা কারণে আমরা এদিকে দৃষ্টি দিতে পারিনি। এ বিষয়ে আমরা এখন তথ্য সংগ্রহ করেছি। আমাদের কাজ চলছে।’
র্যাব জঙ্গিবাদ নিয়ে অতীতে কাজ করেছে, কিন্তু বিগত অন্তর্বর্তীকালীন সরকার বলেছে দেশে জঙ্গি নেই—জানতে চাইলে তিনি বলেন, ‘জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ— এগুলোর জবাব আমি দিতে চাই না। কিন্তু আমরা কাজ করছি।’
কিশোর গ্যাং নিয়ন্ত্রণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কিশোর গ্যাং বাংলাদেশে দিনে দিনে প্রকট আকার ধারণ করছে। আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। পুলিশ এবং র্যাব যৌথভাবে এটি নিয়ে কাজ করছে। কিশোর গ্যাংকে সব সময় আইনের মধ্যে রাখতে সমস্যা হয়। কিন্তু আমাদের চেষ্টা অব্যাহত আছে। আপনারাও (সাংবাদিকরা) উন্মোচন করুন, কারা কিশোর গ্যাংকে সহায়তা করছে। তাহলে আমাদের কাজ সহজ হয়ে যাবে।’
র্যাবের নাম পরিবর্তনের বিষয়ে এক প্রশ্নের জবাবে ডিজি বলেন, ‘র্যাব পুনর্গঠন, সংস্কার, স্ট্রাকচারিং—এগুলো সরকারের বিবেচনার বিষয়। আমরা নিজ থেকে এগুলো নিয়ে কিছু করার প্রয়োজন মনে করছি না। আমাদের অগ্রাধিকার হচ্ছে কাজটা করা, আমরা সেটা করতে চাই। আর মানবাধিকার বা অন্যান্য ত্রুটির বিষয়ে আমরা অভ্যন্তরীণভাবে তদন্ত করি। এ ব্যাপারে কেউ ছাড় পাচ্ছে না। আমি আশা করি, এই কাজগুলোর মাধ্যমে আমরা বেলা শেষে ভালো অবস্থানে যেতে পারব। আমাদের বিরুদ্ধে যে বিষয়গুলো আছে, সেগুলো ধীরে ধীরে সমাধান হয়ে যাবে।’