কিশোরীর সিঁথিতে সিঁদুর দিতে চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫
জয়পুরহাটের কালাইয়ে এক কিশোরীর সিঁথিতে সিঁদুর দিতে চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুই নারীসহ পাঁচজন আহত হয়েছেন।
এ ঘটনায় বাড়িঘর ভাঙচুর, মারধর এবং নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার পুনট ইউনিয়নের মালিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন সুবর্ণা রাণী (৪০), মলিনা রাণী (৫৫), গোবিন্দ চন্দ্র মালী (৪৫), জয় চন্দ্র মালী (২৫) ও চিচোরন চন্দ্র মালী (৪৬)। তাদের মধ্যে চারজনকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিচোরন চন্দ্র মালীকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম পাঁচজন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, মালিপাড়া গ্রামের পল্লবী (১৫) নামের এক কিশোরীর সিঁথিতে শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীর দিন সিঁদুর দিতে চেয়েছিলেন একই এলাকার দোলন (১৮) নামের এক যুবক।
বিষয়টি পল্লবী তার পরিবারের সদস্যদের জানালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে পারিবারিকভাবে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে গ্রামটিতে সালিসের আয়োজন করা হয়।
সালিসে দুই পক্ষের লোকজন উপস্থিত হওয়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। একপর্যায়ে কথা-কাটাকাটি ও তর্কবিতর্ক থেকে সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে উভয় পক্ষের পাঁচজন আহত হন।
অভিযুক্ত দোলন বলেন, তিনি পল্লবীর সিঁথিতে সিঁদুর দিতে চেয়েছিলেন, তবে দেননি। এ ঘটনাকে কেন্দ্র করে পল্লবীর বাবা-মা অন্য লোকজন নিয়ে তিনজনের বাড়িতে ভাঙচুর চালিয়েছেন। তার দাবি, হামলায় একজনের পায়ের রগ কেটে দেওয়া হয়েছে এবং আরেকজনকে মারধর করে আহত করা হয়েছে। এ ছাড়া বাড়িঘর থেকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করা হয়েছে। এ ঘটনায় তিনি মামলা করবেন বলেও জানান।
অন্যদিকে পল্লবীর বাবা শক্রু ঘন মালী বলেন, বিষয়টি মীমাংসার জন্যই সালিস ডাকা হয়েছিল। সেখানে আলোচনা শুরুর একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন তর্কে জড়িয়ে তাদের ওপর হামলা চালায়। এতে তাদের পক্ষের তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহত ব্যক্তি কিছুটা সুস্থ হলে তারা থানায় মামলা করবেন।
পুনট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোরশেদ আলম বলেন, বিজয়া দশমীর দিন পল্লবীর সিঁথিতে সিঁদুর পরিয়ে দিতে চেয়েছিলেন একই এলাকার দোলন। বিষয়টি কিশোরী তার পরিবারের সদস্যদের জানালে এলাকায় উত্তেজনা তৈরি হয়। পরে বৃহস্পতিবার রাতে দুই পক্ষ সালিসে বসে। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয় এবং উভয় পক্ষের লোকজন আহত হন। সংঘর্ষের পর তারা বিষয়টি জানতে পারেন।
ওসি সাইদুল আলম বলেন, মালিপাড়া গ্রামে দুই পক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার খবর তারা পেয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।















আপনার মতামত লিখুন :