সুন্দরবনে সক্রিয় বনদস্যুরা, দুই রাতে ১০ জেলে অপহরণ
সুন্দরবনে পরপর দুই রাতে পৃথক ঘটনায় ১০ জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে খুলনা রেঞ্জের কাশিয়াবাদ স্টেশনের আওতাধীন বুড়ির দুনি এলাকা থেকে পাঁচ জেলেকে অপহরণ করে বনদস্যু বাম্বা বাহিনী।
এর আগের রাতে একই রেঞ্জের বানিয়াখালি স্টেশনের আওতাধীন ফুলতলা খাল থেকে আরো পাঁচ জেলেকে অপহরণ করে জাহাঙ্গীর বাহিনী। এ ঘটনায় জেলেদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া সেল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে বুড়ির দুনি এলাকায় মাছ ধরার সময় পাঁচ জেলেকে জিম্মি করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় বনদস্যু বাম্বা বাহিনীর সদস্যরা। অপহৃত পাঁচ জেলের বাড়ি খুলনার কয়রা উপজেলায়।
তারা হলেন ইছাক আলী, মইন আলী, জলিল, নুর ইসলাম ও আবু।
অপহৃত জেলেদের পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সুন্দরবনের ওই এলাকায় মাছ ধরছিলেন তারা। এ সময় বনদস্যুরা তাদের জিম্মি করে নিয়ে যায়। স্বজনদের মধ্যে এ ঘটনায় উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে।
এর আগের রাতেও সুন্দরবনের খুলনা রেঞ্জের বানিয়াখালি স্টেশনের আওতাধীন ফুলতলা খাল থেকে পাঁচ জেলেকে অপহরণ করে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা। বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে অপহৃত জেলেরা হলেন মোস্তফা মোড়ল, ওসমান মোড়ল, কামরুল গাজী, মাছুম গাজী ও ইব্রাহীম গাজী।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে জাহাঙ্গীর ও মিঠু বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় মোস্তফা ও ওসমান কৌশলে সেখান থেকে পালিয়ে আসেন। তবে বাকি তিন জেলের এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ বিষয়ে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ‘অপহরণের বিষয়টি আমরা জেনেছি। অপহৃত জেলেদের উদ্ধারে অভিযান চলমান রয়েছে।’
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।




















আপনার মতামত লিখুন :