ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা দিয়েছেন, দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ নেওয়া ইসলামী প্রজাতন্ত্রের ‘বৈধ অধিকার ও দায়িত্ব।’
রবিবার সরকারি টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে পেজেশকিয়ান এই কথা বলেছেন।
তিনি বলেন, ইরান ইসলামী প্রজাতন্ত্র এই ঐতিহাসিক অপরাধের অপরাধী ও মূল পরিকল্পনাকারীদের থেকে প্রতিশোধ নেওয়াকে তার বৈধ দায়িত্ব ও অধিকার মনে করে।
ইরানের প্রেসিডেন্ট বলেন, খামেনির হত্যাকাণ্ডকে ইরান ‘মুসলিমদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা’ হিসেবে দেখছে।
এটি শুধু ইরানের সর্বোচ্চ রাজনৈতিক নেতার হত্যাই নয়, বরং বিশ্বজুড়ে শিয়া মুসলিমদের জন্যও একটি বড় আঘাত।
এদিকে ইরানের পাল্টা হামলার হুমকির পরই কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালিয়ে গেলে ইরানকে ‘আগে কখনো দেখা যায়নি এমন শক্তি’ দিয়ে জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছেন তিনি।
নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান শিগগিরই ‘অভূতপূর্ব আঘাত’ হানার পরিকল্পনা করছে।
তিনি বলেন, ‘ইরান মাত্রই জানিয়েছে যে তারা আজ প্রচণ্ড আঘাত হানবে, যা তারা আগে কখনো করেনি। তাদের সেটা না করাই ভালো। তার পরেও তারা যদি সেটা করে তাহলে আমরা তাদের এমন এক শক্তি দিয়ে আঘাত করব, যা আগে কখনো দেখা যায়নি!’