চোরকে ধরে ১০০ রাকাত নামাজ পড়ালেন দোকান মালিক


চোরকে ধরে ১০০ রাকাত নামাজ পড়ালেন দোকান মালিক
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বগুড়ার আদমদীঘিতে ফার্মেসি থেকে ওষুধ চুরির সময় মো. আলামিন (৩০) নামের এক যুবককে আটক করে ১০০ রাকাত নফল নামাজ পড়ানোর ঘটনা ঘটেছে। বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার সান্তাহার পূর্ব ঢাকা রোড এলাকায় তাজ ফার্মেসি অ্যান্ড মেডিসিন শপে এ ঘটনা ঘটে।

 

 

অভিযুক্ত আলামিন উপজেলার ছাতিয়ান গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।

 

তাজ ফার্মেসি অ্যান্ড মেডিসিন শপের স্বত্বাধিকারী জহুরুল ইসলাম বলেন, দুপুর ১২টার দিকে তিনি দোকান খুলে রেখে বাথরুমে যান। এ সুযোগে আলামিন দোকানের গেটে একটি চেয়ারের ওপর দাঁড়িয়ে বিভিন্ন ধরনের ওষুধ চুরি করছিলেন। এক পর্যায়ে চেয়ারটি ভেঙে তিনি নিচে পড়ে যান।

 

 

বিষয়টি টের পেয়ে পাশের দোকানের ব্যবসায়ী মাসুদ দৌড়ে এসে তাঁকে আটক করেন।

পরে স্থানীয় লোকজন জড়ো হলে আলামিন ওষুধ চুরির কথা স্বীকার করেন। এ সময় স্থানীয়রা তাঁকে শাস্তি হিসেবে ১০০ রাকাত নফল নামাজ পড়ার নির্দেশ দেন।

 

পাশের কীটনাশকের দোকানি জিল্লুর রহমান মামুন বলেন, আলামিনকে দীর্ঘ সময় নামাজ না পড়ালে স্থানীয় লোকজন তাঁকে মারধর করতে পারত।এ কারণে তাঁকে ১০০ রাকাত নফল নামাজ পড়ানো হয়। এতে তিনি নিজের অপরাধের জন্য অনুতপ্ত হবেন এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ থেকে বিরত থাকবেন—এমন প্রত্যাশা স্থানীয়দের।

পরে আলামিনকে ছেড়ে দেওয়া হয়েছে বলে স্থানীয়রা জানান।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।