পাবনার লষ্করপুর রেলওয়ে স্টেশন এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা থেকে বুধবার (২৯ জুলাই) সকাল পর্যন্ত এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, লষ্করপুর রেলওয়ে স্টেশন ও আশপাশের এলাকায় কয়েকটি বেওয়ারিশ কুকুর হঠাৎ পথচারীদের ধাওয়া করে এলোপাতাড়িভাবে কামড়াতে শুরু করে। এতে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ১১ জন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে কুকুরের কামড়ে আহত ১১ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে তিনজন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। বাকি আটজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
আহত সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা ও র্যাবিস প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, লষ্করপুর রেলওয়ে স্টেশন এলাকায় দীর্ঘদিন ধরে বেওয়ারিশ কুকুরের উপদ্রব থাকলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে যাত্রী, রিকশাচালক, দোকানদার, শিক্ষার্থী ও সাধারণ মানুষ প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে চলাচল করছেন।
স্থানীয় বাসিন্দা জুই আক্তার বলেন, মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ করেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তার দাবি, অন্তত ১৫ থেকে ২০ জনকে কুকুরে কামড়াতে দেখেছেন এবং এক শিশুর চোখে গুরুতর আঘাত লেগেছে।
বিষয়টি নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত নন।
পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. রফিকুল হাসান বলেন, কুকুরের কামড়ে আহত ১১ জনকে হাসপাতালে আনা হয়েছে। সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা ও র্যাবিস প্রতিরোধী ভ্যাকসিন দেওয়া হয়েছে। হাসপাতালে
পর্যাপ্ত ভ্যাকসিন মজুদ রয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।















আপনার মতামত লিখুন :