শিরোনামঃ

ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা


ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
Getting your Trinity Audio player ready...

বিশ্ব ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জে। খেলায় ১-০ গোলের ব্যবধানে ব্রাজিল সমর্থকদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী।

 

 

শুক্রবার (২৬ জুন) বিকেলে কমলগঞ্জ পৌর ফুটবল একাডেমির আয়োজনে কমলগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ ব্যতিক্রমধর্মী প্রীতি ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। বিভিন্ন বয়সী দর্শকের উপস্থিতিতে মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। দুই দলের সমর্থকদের পতাকা, জার্সি, স্লোগান ও উচ্ছ্বাসে পুরো মাঠ প্রাণচঞ্চল হয়ে ওঠে।

 

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দেয়।

 

 

প্রথমার্ধে আর্জেন্টিনা সমর্থক দলের হয়ে আজাদ একমাত্র গোলটি করে দলকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধে ব্রাজিল সমর্থক দল সমতায় ফেরার একাধিক সুযোগ সৃষ্টি করলেও আর্জেন্টিনা সমর্থকদের দৃঢ় রক্ষণভাগ ও গোলরক্ষকের নৈপুণ্যে আর কোনো গোল হয়নি। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে শিরোপা নিশ্চিত করে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ উদ্যোক্তা মুঈদ আশিক চিশতী। তিনি বলেন, ‘খেলাধুলা পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করে। এ ধরনের আয়োজন তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করে।’

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমলগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক জুয়েল আহমেদ জুলি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য মো. দুরুদ আহমদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমেদ খানসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

 

 

আয়োজকরা জানান, ফুটবলপ্রেমীদের মধ্যে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। দর্শকরাও এমন ব্যতিক্রমী আয়োজনকে স্বাগত জানিয়ে নিয়মিত এ ধরনের প্রতিযো

গিতা আয়োজনের আহ্বান জানান।

 

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।