|
Getting your Trinity Audio player ready...
|

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় বিশেষ অভিযান চালিয়ে ১ কেজি ১৫৮ গ্রাম ওজনের ১৩টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। এ সময় সাহাব উদ্দিন সরদার (৪৪) নামের এক পাচারকারীকে আটক করা হয়।
শুক্রবার (২৬ জুন ) ভোর সাড়ে ৪টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের গদখালী বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক সাহাব উদ্দিন সরদার বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের ইয়াছিন সরদারের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বিওপির টহলদল গদখালী বাজারের পাকা রাস্তার ওপর অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন মোটরসাইকেল আরোহী সাহাব উদ্দিন সরদারকে থামিয়ে তল্লাশি চালালে তার কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় ১৩টি স্বর্ণের বার পাওয়া যায়।
জব্দ স্বর্ণ ও অন্যান্য মালামালসহ সর্বমোট সিজার মূল্য ২ কোটি ২১ লাখ ৪৬ হাজার ৭৫০ টাকা। স্বর্ণের বারগুলো ছাড়াও তার কাছ থেকে চোরাচালানে ব্যবহৃত ১টি মোটরসাইকেল এবং ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সাহাব উদ্দিন জানান, ঢাকার সায়েদাবাদ এলাকার একটি চোরাকারবারি চক্রের কাছ থেকে এই স্বর্ণের বারগুলো সংগ্রহ করেছিলেন তিনি। এরপর ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।আটক আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করে তাকে যশোর ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে এবং জব্দ স্বর্ণ ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এ ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় এই সফল অভিযান পরিচালনা করে স্বর্ণসহ একজন পাচারকারীকে আটক করা হয়েছে। সীমান্তে সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
















আপনার মতামত লিখুন :