সিলেটের বিয়ানীবাজার উপজেলা থেকে শামীম আহমদ ধনু নামের একজনের দুই পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১ জুন) সকালে উপজেলার লাউতা ইউনিয়নের বারইগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের কবরস্থানে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।
এর আগের দিনও একই উপজেলা থেকে আরেক যুবকের হাত বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
নিহত শামীম আহমদ ধনু (৪৭) বারাই গ্রামের শুক্কুর আলীর ছেলে। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রবিবার রাত ১০টার দিকে গ্যারেজে সিএনজিচালিত অটোরিকশা রেখে বাড়ি ফেরেন শামীম।
বাড়িতে রাতের খাবার খেয়ে বেরিয়ে যান। রাতে আর ফেরেননি। সকালে তার লাশ ঝুলতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। তার পা দুটি দড়ি দিয়ে বাঁধা অবস্থায় ছিল।বিয়ানীবাজার থানার উপপরিদর্শক মহিউদ্দিন জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। তবে এটি হত্যা না আত্মহত্যা, তা এখনই বলা যাচ্ছে না।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, ‘মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আমাদের তদন্ত চলমান আছে।’