শিরোনামঃ

সিরাজগঞ্জে ট্রাকে ৪ কোটি টাকার হেরোইন, গ্রেপ্তার ২

Reporter
ইনশাফ আলী সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জে ট্রাকে ৪ কোটি টাকার হেরোইন, গ্রেপ্তার ২
🖼️ ফটো কার্ড তৈরি করুন

সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮টি নেশাজাতীয় ইনজেকশনসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ট্রাকচালক মো. আবু বক্কর (৪৪) ও তাঁর সহযোগী মো. মোহান আলী (৩১)।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু।

পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটের দিকে জেলা পুলিশের একটি দল বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার যমুনা সেতু পশ্চিম টোল প্লাজার সামনে ঢাকাগামী লেনে অস্থায়ী তল্লাশি চৌকি স্থাপন করে। এ সময় ঢাকাগামী একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে ট্রাকের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রাকচালক আবু বক্কর ও তাঁর সহযোগী মোহান আলীকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার বলেন, উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্রেপ্তার ব্যক্তিরা হেরোইনসহ নেশাজাতীয় দ্রব্য পরিবহনের সঙ্গে জড়িত।

পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গ্রেপ্তার আবু বক্করের বিরুদ্ধে এর আগেও ঢাকা মহানগর পুলিশের দারুস সালাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।

পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের ‘শূন্য সহনশীলতা’ নীতি অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে ধারাবাহিক অভিযান পরিচালনার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

 

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।