জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক পদ থেকে এ বছরের জানুয়ারিতে অপসারিত হয়েছিলেন আফসানা বেগম। তার জায়গায় সাখাওয়াত টিপু হিসেবে পরিচিত এ এইচ এম সাখাওয়াত উল্লাহকে এক বছরের জন্য নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার।
তবে মাত্র চার মাসের মাথায় আবার পুরোনো পদে ফিরলেন আফসানা বেগম। সাখাওয়াত টিপুর জায়গায় তাকে নতুন করে এক বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় ১৪ মে আফসানা বেগমকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। এর তিন দিনের মাথায় সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার (১৭ মে) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
জাতীয় গ্রন্থকেন্দ্রের এক ফেসবুক পোস্টে আফসানা বেগমকে ফুল দিয়ে বরণ করার ছবি প্রকাশ করা হয়েছে।
নিয়োগ পাওয়ার মাত্র চার মাসের মাথায় সাখাওয়াত টিপুকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া এবং আফসানা বেগমকে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো ভাষ্য পাওয়া যায়নি।
পুরোনো পদে ফেরত যাওয়ায় স্বস্তি পাচ্ছেন কিনা- এমন প্রশ্নের জবাবে আফসানা বেগম কালের কণ্ঠকে বলেন, ‘জাতীয় গ্রন্থকেন্দ্রের উন্নয়নে আমি এর আগে বাস্তবসম্মত নানা পরিকল্পনা গ্রহণ করেছিলাম। সেসব বাস্তবায়নও শুরু করেছিলাম।তবে তৎকালীন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর হঠকারিতায় সেসব বাস্তবায়ন করতে পারিনি। এখন সরকার মনে করেছে সে কাজগুলো জরুরি ও গুরুত্বপূর্ণ ছিল। এজন্য আবার আমাকে দায়িত্ব দেয়া হয়েছে। আমারও মনে হয়েছে কাজগুলো বাস্তবায়ন করতে পারলে সংস্কৃতি অঙ্গন উপকৃত হবে। তাই আমি আবার এ দায়িত্ব নিয়েছি।বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানতে সাখাওয়াত টিপুর মোবাইল ফোনে কয়েকবার কল করা হলে তিনি সাড়া দেননি।
আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে দুই বছরের জন্য নিয়োগ পান আফসানা বেগম। তবে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই গত ২০ জানুয়ারি এই নিয়োগ বাতিল করে অন্তর্বর্তী সরকার। তখন অভিযোগ ওঠে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর কারণেই আফসানা বেগমকে অপসারণ করা হয়। তার জায়গায় দায়িত্ব পান সাখাওয়াত টিপু।আফসানা বেগমকে সরিয়ে দেয়ার দিনেই জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানিয়েছিল, ‘এ এইচ এম সাখাওয়াত উল্লাহকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।’
তবে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর আবার নিজের পুরোনো পদেই ফিরলেন আফসানা বেগম।