এর আগে গত বৃহস্পতিবার বিকেলে রংপুর নগরীর দাসপাড়া মোড়ে প্রকাশ্যে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
রংপুর নগরীতে প্রকাশ্যে যুবদল নেতা রাকিব হাসান হত্যা মামলার প্রধান দুই আসামি মাদক কারবারি মমিন এবং তার স্ত্রী সুইটি বেগমকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের সাহাপাড়া গ্রামে আত্মগোপনে থাকা আত্মীয়ের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
মাদক ব্যবসা নিয়ে দীর্ঘদিনের বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছে র্যাব। র্যাব-১৩ এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার মহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।সংবাদ সম্মেলনে মহিদুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে নিহত রাকিব হাসানের সঙ্গে আসামি মমিনের পূর্ব থেকে বিরোধ ছিল, যার মূল কারণ এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব। ঘটনার আগের দিন একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে।
তিনি বলেন, ঘটনার আগের দিন মমিনের স্ত্রী সুইটি বেগম তার মেয়েকে নিয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাকিবের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। পরবর্তীতে তিনি মোবাইল ফোনে বিষয়টি তার স্বামীকে জানালে মমিন ক্ষিপ্ত হয়ে ওঠে এবং প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন।
এর আগে গত বৃহস্পতিবার বিকেলে রংপুর নগরীর দাসপাড়া মোড়ে প্রকাশ্যে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার বিষয়টি তারা স্বীকার করেছে।এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, মাদক ব্যবসাকে কেন্দ্র করে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘাত ক্রমেই সহিংস রূপ নিচ্ছে, যা সমাজের জন্য উদ্বেগজনক। তারা এ ধরনের অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।
রংপুরের এই আলোচিত হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হওয়ায় কিছুটা স্বস্তি ফিরলেও স্থানীয়দের মধ্যে এখনো আতঙ্ক বিরাজ করছে। দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।