পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় দক্ষিণ এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে আঞ্চলিক সহযোগিতা এবং গবেষণাভিত্তিক জ্ঞানচর্চার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে কৌশলগত সংলাপ আরো জোরদার করার আহ্বান জানান।
বুধবার (২০ মে) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-এ (বিইউপি) ‘নতুন বিশ্বব্যবস্থার প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার জাতীয় নিরাপত্তা’ শীর্ষক দুই দিনব্যাপী প্রথম সিএফএস আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা অডিটরিয়ামে জমকালো এই সম্মেলনের সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়। বিইউপির ফ্যাকাল্টি অব সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (এফএসএসএস) এই সম্মেলনের আয়োজন করে।
সম্মেলনে দেশ-বিদেশের খ্যাতনামা শিক্ষাবিদ, গবেষক, নীতিনির্ধারক ও নিরাপত্তা বিশেষজ্ঞরা অংশ নিয়ে এই অঞ্চলের বর্তমান ও ভবিষ্যৎ নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নেপালের ড. প্রমোদ জয়সওয়াল, শ্রীলঙ্কার সুভাশিনি আবেয়াসিংহে, পাকিস্তানের ড. সালমা মালিক এবং সুইডেনের ড. গ্রেগ সিমন্স। এ ছাড়া বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের বিশিষ্ট অধ্যাপক এবং গবেষকেরা এতে অংশ নেন।
আঞ্চলিক নিরাপত্তা, ভূরাজনীতি, কৌশলগত সংলাপ এবং গবেষণাভিত্তিক নীতিনির্ধারণের ওপর গুরুত্বারোপ করে বক্তারা বলেন, বর্তমান বিশ্বব্যবস্থায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা জরুরি।
সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহ্বুব-উল আলম, বিভিন্ন অনুষদের ডিন, ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা।