|
Getting your Trinity Audio player ready...
|

ফরিদপুরে কুখ্যাত ‘সিরিঞ্জ তুফান’ গ্রেফতার, ৬ মাসের কারাদণ্ড
ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুর শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের কাছে আতঙ্কের নাম ছিল কুখ্যাত ‘সিরিঞ্জ তুফান’। রক্তভর্তি সিরিঞ্জ দেখিয়ে পথচারীদের ভয়ভীতি প্রদর্শন, ছিনতাই এবং নারী পথচারীদের হয়রানির অভিযোগে অভিযুক্ত এই ব্যক্তিকে আবারও গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ‘সিরিঞ্জ তুফান’ নামে পরিচিত ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় পথচারীদের লক্ষ্য করে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। রক্তভর্তি সিরিঞ্জ দেখিয়ে ভয় সৃষ্টি করে মোবাইল ফোন, টাকা-পয়সা ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া ছিল তার নিয়মিত কৌশল। এছাড়া নারী পথচারীদের পথরোধ করে শারীরিক হেনস্তা ও ছিনতাইয়ের চেষ্টার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এর আগে একাধিকবার গ্রেফতার হলেও ভুক্তভোগীদের লিখিত অভিযোগের অভাবে আইনের ফাঁক গলে বারবার মুক্তি পেয়ে যায় সে। ফলে শহরবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছিল।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তার অপকর্ম নিয়ে ব্যাপক আলোচনা-
সমালোচনা শুরু হলে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নজরে আসে। পরবর্তীতে অভিযান চালিয়ে আজ তাকে গ্রেফতার করা হয় এবং দ্রুত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
কুখ্যাত এই অপরাধীকে গ্রেফতার ও শাস্তির আওতায় আনার ঘটনায় স্বস্তি প্রকাশ করেছেন ফরিদপুর বাসী। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।















আপনার মতামত লিখুন :