কুষ্টিয়ার পদ্মা নদীতে নৌ-পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্যসহ ৬ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে জেলার হরিপুর এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— পাবনার লক্ষ্মীকুন্ডা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম, পুলিশ সদস্য ইনামুল হক, শাহিনুর হক, নাজমুল হাসান, মানিক মিয়া ও নৌকার মাঝি তুহিন মালথা।
তাদের মধ্যে গুরুতর আহত মানিক মিয়াকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন নৌকার মাঝি তুহিন মালথা জানান, পুলিশ সদস্যরা পদ্মা নদীর কুষ্টিয়া অংশের হরিপুর এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালান। এ সময় উভয়পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে পাঁচ পুলিশ সদস্য ও নৌকার মাঝি গুলিবিদ্ধ হন।তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে পুলিশ সদস্য মানিক মিয়াকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।