গ্লোবাল ওয়ার্কফোর্স সার্ভিসেস (জিডব্লিউএস)-এর প্রতিনিধি লামিয়া হাসান উল্লেখ করেন, দক্ষতা উন্নয়ন, কারিগরি প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না করলে পথশিশু সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।
পথশিশুদের সংখ্যা কমিয়ে আনতে সরকারের বাস্তবভিত্তিক কর্মসূচি গ্রহণ এবং এ খাতে পর্যাপ্ত বাজেট বরাদ্দ নিশ্চিত করার দাবি জানিয়েছে নারী উন্নয়ন শক্তি।
রবিবার (১২ এপ্রিল) আন্তর্জাতিক পথশিশু দিবস উপলক্ষে এক আলোচনাসভায় এ দাবি জানানো হয়। সভার মূল প্রতিপাদ্য বিষয় ছিল, পথশিশুদের সংখ্যা কমিয়ে আনতে সরকারের বাস্তবভিত্তিক কর্মসূচি গ্রহণ এবং এ খাতে পর্যাপ্ত বাজেট বরাদ্দ নিশ্চিত করা। সুবিধাবঞ্চিত শিশুদের মায়েদের নিয়ে এই আলোচনাসভার আয়োজন করা হয়।সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সভাপতি ও নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক আফরোজা পারভীন। উপস্থাপিত তথ্য অনুযায়ী, ইউনিসেফ বাংলাদেশের সাম্প্রতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে প্রায় ৩৪ লাখ (৩.৪ মিলিয়ন) শিশু পথ-পরিস্থিতিতে বসবাস করছে। এদের অনেকেই রাস্তায় বসবাস করে, জীবিকা নির্বাহ করে এবং চরম অনিশ্চয়তা ও ঝুঁকির মধ্যে দিন কাটায়। এ ছাড়া দেশে প্রায় ৫৬.৯ মিলিয়ন শিশু (০–১৭ বছর) রয়েছে, যাদের একটি বড় অংশ দারিদ্র্য, সহিংসতা, শিশুশ্রম ও বাল্যবিবাহের ঝুঁকিতে রয়েছে; এর মধ্যে প্রায় ১১.৩% শিশু শিশুশ্রমে নিয়োজিত।
সভায় বক্তারা পথশিশুদের বহুমাত্রিক সংকট ও প্রধান সমস্যাগুলো তুলে ধরেন যেমন : নিরাপদ আশ্রয় ও বাসস্থানের অভাব, শিক্ষা থেকে বঞ্চিত হওয়া, স্বাস্থ্যসেবা ও পুষ্টির ঘাটতি, শারীরিক ও যৌন নির্যাতনের ঝুঁকি, মাদকাসক্তি ও অপরাধে জড়িয়ে পড়ার আশঙ্কা, সামাজিক বৈষম্য ও অবহেলা।
তারা বলেন, পথশিশুদের সমস্যাকে সাময়িক সহায়তার মাধ্যমে নয়, বরং দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও রাষ্ট্রীয় বাজেটের মাধ্যমে সরকারকেই সমাধান করতে হবে।
ইয়াং উইমেন ফর ডেভেলপমেন্ট রাইটস অ্যান্ড ক্লাইমেট (ওয়াইডব্লিউডিআরসি)-এর প্রোগ্রাম অফিসার সেলিনা খাতুন বলেন, পথশিশুদের জন্য আলাদা সুরক্ষা কাঠামো ও দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচি জরুরি, যাতে তারা মূলধারার জীবনে ফিরে আসতে পারে।
গ্লোবাল ওয়ার্কফোর্স সার্ভিসেস (জিডব্লিউএস)-এর প্রতিনিধি লামিয়া হাসান উল্লেখ করেন, দক্ষতা উন্নয়ন, কারিগরি প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না করলে পথশিশু সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।
ফোরাম ফর কালচার অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (এফসিএইচডি)-এর নির্বাহী সদস্য শাহানারা বেগম বলেন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং পরিবারভিত্তিক সহায়তা কর্মসূচি জোরদার করা জরুরি।
সভায় নারীর উন্নয়ন শক্তির নির্বাহী সদস্য বিলকিস আক্তার ও সুবিধাবঞ্চিত নারীদের প্রতিনিধি মনোয়ারা বেগমসহ আরো অনেকে বক্তব্য দেন। তারা জোর দিয়ে বলেন, পথশিশুরা সমাজের বোঝা নয়, বরং সম্ভাবনাময় মানবসম্পদ। সঠিক পরিকল্পনা, পর্যাপ্ত বাজেট এবং আন্তরিক উদ্যোগের মাধ্যমে তাদের জীবন পরিবর্তন করা সম্ভব। তাই এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া সময়ের দাবি।