ভারতের পশ্চিমবঙ্গের ১৭তম বিধানসভা নির্বাচনের কারণে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর চার দিনের জন্য বন্ধ থাকবে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম এই ঘোষণার আওতায় থাকবে। ভারতের নির্বাচন কমিশনের নির্দেশনায় সীমান্ত সিলমোহর ও চলাচল নিয়ন্ত্রণ করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন জানিয়েছে, ভারতের কোচবিহার জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনা অনুযায়ী ২১, ২২ ও ২৩ এপ্রিল (মঙ্গলবার থেকে বৃহস্পতিবার) চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে।এর সঙ্গে শুক্রবার (২৪ এপ্রিল) বাংলাদেশে সাপ্তাহিক ছুটি থাকায় টানা চার দিন বন্ধ থাকছে এই বন্দর। আগামী ২৫ এপ্রিল (শনিবার) থেকে পুনরায় বন্দরের বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক হবে।
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস) ২০২৩-এর ১৬৩ ধারা অনুযায়ী চ্যাংড়াবান্ধা সীমান্তে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভারতের কোচবিহার জেলার ম্যাজিস্ট্রেট শ্রী জিতিন যাদব স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় সীমান্ত এলাকায় পণ্যবাহী ট্রাকসহ সব ধরনের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে।
বুড়িমারী স্থলবন্দর পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই সাইফুর রহমান জানান, বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও জরুরি চিকিৎসাসেবা সংক্রান্ত ভিসাধারী যাত্রী এবং ভারতীয় নাগরিকদের সীমিত আকারে যাতায়াতের সুযোগ থাকবে। তবে সাধারণ যাত্রী পারাপার এই চার দিন কার্যত বন্ধ থাকবে।
বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের উপকমিশনার (ডিসি) মহী উদ্দিন বলেন, ‘সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও ভারতীয় কর্তৃপক্ষের চিঠি আমরা পেয়েছি। বন্দর কর্তৃপক্ষ, কাস্টমস, বিজিবি এবং ব্যবসায়ী সংগঠনসহ সংশ্লিষ্ট সব পক্ষকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।