ঝালকাঠিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন
হামের প্রাদুর্ভাব মোকাবেলা ও শিশুস্বাস্থ্য সুরক্ষায় ঝালকাঠিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে ঝালকাঠি শহরের আব্দুল ওহাব গাজী শিশু বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. জিয়া উদ্দিন হায়দার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠির সিভিল সার্জন ডা. হুমায়ুন কবীর। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. জাহেদ রাহমান, ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুল ওহাব গাজী শিশু বিদ্যালয়ের অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা শহীদ ইমাম পাশা, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদারসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদান কার্যক্রম অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। শিশুদের সুস্থ বিকাশ নিশ্চিত করতে সময়মতো টিকা প্রদান অপরিহার্য। তারা অভিভাবকদের সচেতন হয়ে নির্ধারিত সময়সূচি অনুযায়ী শিশুদের টিকা দেওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, ইউনিসেফের সহায়তায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই), স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়ন করা হচ্ছে।