জুলাই গণ-অভ্যুত্থান দিবসে উপলক্ষে দেশজুড়ে বিনা মূল্যে ফিজিওথেরাপি ক্যাম্প


জুলাই গণ-অভ্যুত্থান দিবসে উপলক্ষে দেশজুড়ে বিনা মূল্যে ফিজিওথেরাপি ক্যাম্প
🖼️ ফটো কার্ড তৈরি করুন

 

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের (বিপিএ) উদ্যোগে দেশজুড়ে বিনামূল্যে ফিজিওথেরাপি চিকিৎসা ক্যাম্প শুরু হয়েছে। বুধবার (৫ আগস্ট) সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসনকেন্দ্রসহ (সিআরপি) দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে একযোগে এ কর্মসূচি শুরু হয়।

 

 

দুই দিনব্যাপী এ কর্মসূচিতে জুলাই সংগ্রামে আহত ও দীর্ঘমেয়াদি শারীরিক জটিলতা বা স্থায়ী প্রতিবন্ধিতার ঝুঁকিতে থাকা ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসন সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষের জন্যও বিনামূল্যে ফিজিওথেরাপি চিকিৎসা, স্বাস্থ্য পরামর্শ ও পুনর্বাসন সেবা প্রদান করা হচ্ছে।

 

বিপিএ জানায়, জুলাই সংগ্রামে আহত অনেকেই এখনো দীর্ঘস্থায়ী ব্যথা, মাংসপেশি ও অস্থিসন্ধির জটিলতা, স্নায়ুর আঘাত, চলাচলে সীমাবদ্ধতা ও কর্মক্ষমতা হ্রাসসহ নানা সমস্যায় ভুগছেন। সময়মতো বিজ্ঞানভিত্তিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন সেবা না পেলে তাদের অনেকেই স্থায়ী প্রতিবন্ধিতার ঝুঁকিতে পড়তে পারেন।

 

 

এ বাস্তবতা বিবেচনায় এনে দেশের বিভিন্ন বিভাগে অভিজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকদের মাধ্যমে বিশেষায়িত চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, জুলাই সংগ্রামে আহতরা জাতির গর্ব। তাদের দ্রুত কর্মক্ষম জীবনে ফিরিয়ে আনা আমাদের নৈতিক ও পেশাগত দায়িত্ব। সময়োপযোগী ফিজিওথেরাপি সেবা অনেক আহত ব্যক্তিকে স্থায়ী প্রতিবন্ধিতার ঝুঁকি থেকে রক্ষা করতে সক্ষম হবে।

 

 

বিপিএর সাধারণ সম্পাদক ড. মো. ফিরোজ কবির বলেন, ফিজিওথেরাপি শুধু ব্যথা কমানোর চিকিৎসা নয়, এটি একজন মানুষকে স্বাভাবিক জীবন ও কর্মক্ষেত্রে ফিরিয়ে আনার অন্যতম বৈজ্ঞানিক চিকিৎসাপদ্ধতি। জুলাই সংগ্রামে আহতদের পুনর্বাসনে এর গুরুত্ব অত্যন্ত বেশি। ভবিষ্যতেও বিপিএ এই ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

 

দেশব্যাপী এ কর্মসূচিতে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে সিআরপি, ঢাকা ফিজিওথেরাপি অ্যান্ড পেইন ম্যানেজমেন্ট সেন্টার, ক্লাসিক ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার, প্রয়োজন ফিজিওথেরাপি অ্যান্ড ওয়েলনেস রিসার্চ সেন্টার, মোশন মেকানিকস ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন হাব, ইব্রাহিম জেনারেল হাসপাতাল অ্যান্ড ডিসিইসি, গ্লোবাল ফিজিওথেরাপি সেন্টার, আনসারি ম্যানুয়াল থেরাপি অ্যান্ড রিহ্যাব সেন্টার, নোয়াখালী ফিজিওথেরাপি কেয়ার, ফিজিওহাব স্পিচ অ্যান্ড ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, সেন্ট্রাল ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠান।

 

দেশের সর্বস্তরের জনগণ, বিশেষ করে জুলাই সংগ্রামে আহত ও পুনর্বাসনের প্রয়োজন রয়েছে, এমন ব্যক্তিদের নিকটস্থ অংশগ্রহণকারী কেন্দ্রে এসে বিনা মূল্যে চিকিৎসাসেবা গ্রহণের আহ্বান জানিয়েছে বিপিএ।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।