|
Getting your Trinity Audio player ready...
|

বরিশাল স্টেডিয়ামে আঞ্চলিক পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ‘কর্মসূচির উদ্বোধন
শংকর দাস পবন, সহঃবার্তা সম্পাদক
বরিশালে বিভাগীয় পর্যায়ের ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ও বিশিষ্ট পুষ্টিবিদ ড. এস. এম জিয়াউদ্দিন হায়দার বলেছেন, বর্তমান সময়ে অধিকাংশ শিশু মোবাইল ও প্রযুক্তিনির্ভর জীবনে আসক্ত হয়ে পড়ছে। এ অবস্থা থেকে বেরিয়ে এসে শিশুদের আবার মাঠমুখী করতে হবে। সুস্থ, মানবিক ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই।
শনিবার (১৬ মে) বরিশাল বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বরিশাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, শিশুরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না; খেলাধুলা, সংস্কৃতি ও নৈতিক শিক্ষার মাধ্যমেও গড়ে তুলতে হবে। বর্তমান সরকার শিশুদের সার্বিক ও মানবিক বিকাশে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে এবং খেলাধুলাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রীও চান তরুণরা খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণ করুক।
তিনি আরও বলেন, বর্তমান সংসদে এমন অনেক ব্যক্তি রয়েছেন, যারা ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাদের অনুসরণ করে নতুন প্রজন্মও ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা অর্জন করবে।
অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধন ঘোষণা করেন। পরে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আহসান হাবিব, বরিশালের জেলা প্রশাসক মো. খাইরুল আলম সুমন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ওবায়দুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক উপমা ফারিসা এবং বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ। সঞ্চালনা করেন মো. সাইদুল ইসলাম।
এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, অভিভাবক, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে ড. জিয়াউদ্দিন হায়দার একটি সামাজিক সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এবং বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের সার্বিক অবস্থা পরিদর্শন করেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
















আপনার মতামত লিখুন :