শিরোনামঃ

চট্টগ্রামে শিশু ধর্ষণের অভিযোগ : ৬ ঘণ্টা পর পুলিশ হেফাজতে যুবক

অনলাইন ড্রেস
চট্টগ্রামে শিশু ধর্ষণের অভিযোগ : ৬ ঘণ্টা পর পুলিশ হেফাজতে যুবক
🖼️ ফটো কার্ড তৈরি করুন

চট্টগ্রামের বাকলিয়া এলাকায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণে অভিযুক্ত যুবক মনিরকে ছিনিয়ে নিতে পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ স্থানীয় জনতার ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

 

বৃহস্পতিবার (২১ মে) রাত ১০টার দিকে অভিযুক্তকে প্রায় ৬ ঘণ্টা অবরুদ্ধ অবস্থা থাকার পর উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।

 

 

এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। ঘটনার একপর্যায়ে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।

বৃহস্পতিবার বিকেলে বাকলিয়া থানার চেয়ারম্যান ঘাটা এলাকায় ওই শিশুকে ধর্ষণের ঘটনাটি ঘটে। বিষয়টি জানাজানি হওয়ার পর সন্ধ্যা থেকে এলাকাবাসী বিক্ষোভ শুরু করেন।

 

 

এরপর অভিযুক্তকে আটক করে নিয়ে যাওয়া নিয়ে স্থানীয়দের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শিশুটির মা-বাবা চাকরি করেন। বিকেলে শিশুটি খেলতে বের হলে এক যুবক তাকে ধর্ষণ করে। বিকেলের দিকে একটি ভবনের সিঁড়িতে শিশুটিকে অচেতন অবস্থায় দেখতে পান স্থানীয়রা।পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। এই ঘটনা জানাজানি হওয়ার পর পুলিশ অভিযুক্ত মনিরকে আটক করে। তাকে থানায় নিয়ে যাওয়ার সময় ক্ষুব্ধ এলাকাবাসী তার দৃষ্টান্তমূলক বিচার চেয়ে বিক্ষোভ করতে থাকেন। এসময় তারা অভিযুক্তকে নিজেদের হাতে তুলে দেওয়ার দাবি জানান। একপর্যায়ে পুলিশ অভিযুক্তকে একটি ভবনের ভেতরে নিয়ে যায়।

 

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিক্ষোভকারীরা ভবনের গেট ভেঙে ভেতরে প্রবেশ করতে চাইলে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে এলাকাবাসীকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। এরপরও পুলিশ অভিযুক্তকে বের করে নিয়ে যেতে পারছিল না। একপর্যায়ে স্থানীয় লোকজন পুলিশকে উদ্দেশ করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে ওই ব্যক্তিকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি করতে থাকে।

এরপর রাত ৮টার দিকে উত্তেজনা চলার মধ্যে পুলিশ সাউন্ড গ্রেনেড মেরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। তারা এদিক-সেদিক ছড়িয়ে গেলেও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এসময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক আহত হন। একপর্যায়ে রাত ১০টার দিকে পুলিশ অভিযুক্ত যুবক মনিরকে উদ্ধার করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। এসময় স্থানীয় জনতা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে ও পুলিশের গাড়িতে আগুন দেয়। পুলিশ টিয়ার শেল নিক্ষেপ ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় উত্তেজনা চলছিল।

 

নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা বলেন, অভিযুক্তকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। শিশুটি বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন। শিশুটি আশঙ্কামুক্ত বলে জানতে পেরেছি।

 

এদিকে এ ঘটনার সময় ‘চট্টগ্রাম প্রতিদিন’ পত্রিকার দুজন প্রতিবেদক মামুন আবদুল্লাহ ও নোবেল হাসান আহত হন। তাদের মধ্যে মামুনের কোমরে এবং নোবেলের হাতে ও পায়ে গুরুতর আঘাত লেগেছে বলে জানান পত্রিকাটির সম্পাদক হোসেন তৌফিক ইফতেখার।চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া বলেন, আমরা ঘটনাস্থলে আছি। পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড মেরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। অভিযুক্তকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।